আমার গুরু ফিরোজা বেগম :সুস্মিতা আনিস

সুস্মিতা আনিস একজন নজরুলসঙ্গীতশিল্পী। পাশাপাশি তিনি একজন চাকরিজীবী। নিজের মূল পেশার পাশাপাশি চলছে তার নজরুল চর্চা। এমনকি দীর্ঘ চার যুগ নজরুল সঙ্গীতাঙ্গনে বিচরণের পরও তিনি এখনও গুরুর কাছে নিয়মিতই তালিম নিচ্ছেন। চলতি সময়ে তার পেশাগত ব্যস্ততা ছাড়াও চলছে বিভিন্ন চ্যানেলে একক সঙ্গীতানুষ্ঠান ও তার পঞ্চম একক অ্যালবামের কাজ। অ্যালবামটি এ বছরের শেষে রিলিজের আশা ব্যক্ত করেন সুস্মিতা আনিস। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী আজ। আর এই দিবসকে কেন্দ্র করে ব্যস্ত এখন সব গণমাধ্যম ও নজরুলসঙ্গীতশিল্পীরা। আমরা আমাদের আধুনিক সঙ্গীত নিয়ে ব্যস্ত এখন সবাই যে কীভাবে আরও এগিয়ে যাওয়া যায়। কিন্তু আমাদের অহংকারের সাথে মিশে আছে যেসব সঙ্গীত, নজরুলসঙ্গীত সেসবের অন্যতম। কিন্তু এই সঙ্গীত চর্চা বা গণমাধ্যমের ইতিবাচক কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। নেই কোনো উদ্যোক্তা। আর এই হতাশার বাতাস বয়ে যায় আমাদের নজরুলসঙ্গীতশিল্পীদের মাঝে। সেই বাতাস গায়ে জড়িয়েই সুস্মিতা আনিস বলেন, ‘নজরুল তো কোনো অবহেলিত নাম না। সে আমাদের অহংকার আমাদের গর্ব। আজকাল দেখি কয়েকটা চ্যানেলে এমন সময়ে নজরুল সঙ্গীত অনুষ্ঠান প্রচার করে যখন মানুষের কাজ থাকে। সেই সময় অনুষ্ঠান প্রচার করার তো কোনো মানে হয় না। চ্যানেলগুলোর এ বিষয়ে সচেতন হওয়া উচিত। এমন স্বার্থপরতার মাঝে তো আর নজরুল চর্চার প্রসার হবে না।’ সুস্মিতা আনিসের নজরুল চর্চা শুরু হয় পাঁচ বছর বয়স থেকে গুরু ফিরোজা বেগমের হাত ধরে। এরপর নজরুলকে নিজের মনে লালন করতে থাকেন, তৈরি হতে থাকে নজরুলের প্রতি প্রেম আর সেই থেকেই নজরুলসঙ্গীতের প্রতি ঝোঁক। প্রায় চার যুগ ধরে নজরুল সঙ্গীতের সাথে সম্পৃক্ত তিনি। ২০০২ সালে কলকাতা থেকে রিলিজ করেন তার প্রথম নজরুল একক অ্যালবাম। এরপর তার চতুর্থ ও শেষ অ্যালবাম ছিল ২০০৭ সালে একটি আধুনিক গানের অ্যালবাম।