ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের বীজ ব্যাংক উদ্বোধন
প্রকাশ : ২৪ মে ২০১৪, ২১:৫৯
প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের কৃষিবীজ সহায়তা ও নিজেদের মধ্যে বীজ বিনিময়ের মাধ্যমে বাজার নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়ির কালাসোনায় চরবীজ ব্যাংক উদ্বোধন করা হয়েছে। কালাসোনা কৃষক সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বারসিক এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক প্রাণীবৈচিত্র্য দিবসে সম্প্রতি স্থানীয় মাদ্রাসা মাঠে চরবীজ মেলায় এই বীজ ব্যাংকের সূচনা করা হয়।
কালাসোনা চরের কৃষক শফি আলম বলেন, চরবাসী কৃষকরাই একমত হয়ে দুটি কমিটি করেছেন। যারা বীজ ব্যাংকটির বীজ সংগ্রহ, বীজ সংরক্ষণ ও বীজ বিনিময় কার্যক্রম পরিচালনা করবে। অর্থাত্ স্থানীয় জনগোষ্ঠীর পছন্দ, প্রয়োজন ও চাহিদা পূরণে কাজ করবে। এছাড়া এই বীজ ব্যাংক কৃষকদের বন্যা পরবর্তী ও চরের অন্যান্য দুর্যোগে বীজ সহায়তা করবে।
চরবীজ ব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে বারসিক ঢাকা অফিসের সমন্বয়কারী এবিএম তৌহিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, স্থানীয় কৃষক সোহরাব হোসেন, আজগর আলী, শফি আলম, সোলায়মান হোসেন ফুলমিয়া, জরিনা বেগম ছাড়াও বাংলাদেশের বিভিন্ন কৃষি পরিবেশের অন্তর্গত মানিকগঞ্জ, নেত্রকোনা, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, খুলনা, মাগুরা, দিনাজপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পিরোজপুর, বরগুনা, গাজীপুর, জয়পুরহাট ও পাবনা জেলার শতাধিক কৃষাণ-কৃষাণী অংশ নেন।