মির্জাপুরে তীব্র গরমে বৃদ্ধি পাচ্ছে ডায়রিয়া

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গত কয়েক মাস ধরে বৃষ্টির দেখা নেই । এক দিকে বিদ্যুতের তীব্র লোডশেডিং অন্যদিকে গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় ঘরে ঘরে শিশুদের মধ্যে দেখা দিয়েছে ডায়রিয়া। খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন এলাকায় ডায়রিয়া ও ঠান্ডাজনিত কারণে অন্তত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার পৌরসভা, জামুর্কি, মহেড়া, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে শিশুদের মধ্যে ডায়রিয়াসহ নানা রোগব্যাধি। গতকাল শনিবার জামুর্কি সরকারি হাসপাতাল এবং কুমুদিনী হাসপাতালে গিয়ে দেখা গেছে তীব্র গরমে ডায়রিয়া ও বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের ভিড়। কুমুদিনী হাসপাতালের ডায়রিয়া ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল্লাহ আল ফারুক জানান, দীর্ঘ দিন ধরে বৃষ্টি না হওয়ায় তীব্র গরমের কারণে বিশেষ করে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ ব্যাপক হারে বেড়ে গেছে।