বড় বোনের মৃত্যুর ২২ ঘণ্টা পর ছোট বোনের লাশ উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মির্জারকোর্ট এলাকায় ধরলা নদীর ধারে পাথর উত্তোলন করা গর্তে গোসল করতে নেমে দুই ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ২২ ঘন্টা পর ৬০ ফিট পানির নিচ থেকে নিখোঁজ ছাত্রী তাসনীম তুহা’র লাশ উদ্ধার করেছে রংপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় নিহত তুহা’র লাশ উদ্ধার করা হয়েছে। সে পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যা নিকেতনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। শুক্রবার দুই বোনসহ ৫ জন নদীতে গোসল করতে গিয়ে দুই বোনের সলিল সমাধি ঘটে। তুহার বড় বোন রংপুর পলিটেকনিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মীমের লাশ গত শুক্রবার সন্ধ্যায় ডুবুরি দলের সদস্যরা উদ্ধার করলেও তুহার লাশ খুঁজে না পাওয়ায় ওই দিন উদ্ধার অভিযান স্থগিতের পর ২২ ঘন্টা পর তুহার লাশ উদ্ধার করা হয়। ডুবুরি দলের সদস্য আবু সায়েদ বলেন, ‘পাথর উত্তোলন গর্তের এক প্রান্তে কিছু গাছের গুঁড়ি রয়েছে। এসব গুঁড়ির ফাঁকে আটকে ছিল তুহার লাশ। সেখান থেকে অক্ষত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। সেখানে পানির গভীরতা ছিল প্রায় ৫৫-৬০ ফিটের একটু বেশি।’ পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্যদের অনুরোধে লাশের ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে।’