সম্পর্কের অবনতি ঘটায় প্রাণ গেল নার্স হৈমন্তির
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২৪ মে ২০১৪, ২২:০৩
সম্পর্কের অবনতি ঘটায় প্রেমিকাকে অপহরণ করে হত্যা করেছে প্রেমিক চন্দ্র শেখর। গতকাল শনিবার ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে এ কথা স্বীকার করেছে সে।
ঢাকার মিরপুর আধুনিক হাসপাতালের নার্স (সেবিকা) হৈমন্তি সরকারকে অপহরণের পর রূপনগরে একটি বাসায় গত ১৮ মে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন শেষে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় চন্দ্র শেখর। হৈমন্তি অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে চন্দ্র শেখর পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা চন্দ্র শেখরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ হৈমন্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সেন্ট্রাল হাসপাতালে আইসিইউতে ভর্তি করে। বৃহস্পতিবার বিকালে হাসপাতালে হৈমন্তী মারা যায়। লাশের ময়নাতদন্ত শেষে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে হৈমন্তির লাশ ঢাকা থেকে আগৈলঝাড়ার গ্রামের বাড়িতে আনা হয়। ওইদিন রাতেই হৈমন্তির অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
রূপনগর থানা ওসি (তদন্ত) মোঃ মতলেবুর রহমান জানান, আটক চন্দ্র শেখর একই জেলার উজিরপুর উপজেলার ইন্দ্রকানী গ্রামের গৌতম হালদারের পুত্র ও আগৈলঝাড়া উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ডিগ্রী প্রথমবর্ষের ছাত্র। সে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।