আজ দাউদকান্দিবাসী ১১ শহীদকে স্মরণ করবে
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ মে ২০১৪, ২২:০৩
আজ রবিবার দাউদকান্দিবাসী ১১ শহীদকে স্মরণ করবে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ২৫ মে দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের নাথ বাড়ির ১১ জনকে পাক সেনারা গুলি করে হত্যা করেছিল এবং তাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছিল। একইদিন পাক সেনারা জ্বালিয়ে দিয়েছিল তদানিন্তন দাউদকান্দি থানা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম বি.টি ওরফে সিরাজ বি.টির বাড়ি-ঘর। পাক সেনারা ঐদিন গৌরীপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ তার চাচা সুলতান আহমেদ মাস্টার, সিদ্দিকুর রহমান সরকার ও সুবা মিয়া সরকারের বাড়ি-ঘরও জ্বালিয়ে দিয়েছিল। ২৫ মে পাকসেনা হত্যা করেছিল ডাঃ পাণ্ডব দেবনাথ, অনাথ বন্ধু দেবনাথ, নকুল চন্দ্র দেবনাথ, শীতল চন্দ্র সরকার, রঞ্জিত চন্দ্র সরকার, উমেশ চন্দ্র সরকার, ফেলন চন্দ্র সরকার, বিদেশীনী সাহা, সুধির বণিক, বেদানা সুন্দরী ও কামিনী সুন্দরীকে। এই দিনটি উপলক্ষে রায়পুরে স্মরণসভার আয়োজন করা হয়েছে।