গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁওয়ে এখনো বোরো সংগ্রহ অভিযান শুরু হয়নি। গত ২৫ এপ্রিল থেকে ধান ও চাল সংগ্রহ শুরু হওয়ার কথা থাকলেও এক মাসেও তা হয়নি।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৩০ জন মিলারের সাথে চুক্তি করে তাদের মাধ্যমে বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এদের মাধ্যমে ২ হাজার ৪শ ৩ মেট্রিক টন বোরো সিদ্ধ চাল এবং ২শ ৬৮ মেট্রিক টন বোরো আতপ চাল কেনার কথা। এবার কেজি প্রতি সিদ্ধ চালের ক্রয়মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা আর আতপ চালের কেজি প্রতি ক্রয়মূল্য ৩৫ টাকা।
সারাদেশে ২৫ এপ্রিল থেকে চলতি মৌসুমের বোরো সংগ্রহ অভিযান শুরুর কথা থাকলেও এর এক মাস পরও গফরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি চলতি মৌসুমের বোরো সংগ্রহ অভিযান। ফলে কৃষকরা সরকারের কাছে ধান সরবরাহ করতে না পেরে বাজারে পানির দরে ফড়িয়াদের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
এ ব্যাপারে সততা রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বলেন, ‘ধান এখনও ভেজা থাকায় কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা যাচ্ছে না।’
ধলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেছুর রহমান বলেন, গুদামে জায়গা না থাকায় মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা যাচ্ছে না।’
উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সরকার বলেন, ‘কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে কৃষি বিভাগের কাছ থেকে কৃষকদের তালিকা চাওয়া হয়েছে। কৃষি বিভাগ এখনও কৃষকদের তালিকা দিতে পারেনি। তাই কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা সম্ভব হয়নি।’
উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীপক কুমার পাল বলেন, ‘চলতি বোরো মৌসুমে উপজেলার ৭০ হাজার কৃষকের তালিকা কৃষি বিভাগের কাছে আছে। এ তালিকা খাদ্য বিভাগের নেওয়ার কথা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি কাজী মাহবুব উর রহমান বলেন, ‘উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে কৃষি বিভাগ থেকে দ্রুত কৃষকদের তালিকা সংগ্রহ করে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করার জন্য।’