ভোটার তালিকা হালনাগাদ করার আইন সংশোধন করা হবে

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জাবেদ আলী বলেছেন, ভোটার তালিকা হালনাগাদ করার আইন অনুযায়ী প্রতিবছর ১লা জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে কেবল তারাই ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেন। কিন্তু একদিন পরে যার জন্ম হয় তাকে এক বছর অপেক্ষা করতে হয়। এ কারণে আমরা আশা করছি, ভোটার তালিকা হালনাগাদ করার আইনটি সংশোধন করা হবে। তিনি শনিবার সকালে গাজীপুরের কাপাসিয়ায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করার কাজ সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন আলী, থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ, নির্বাচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন।