লুটের পর বাড়িতে আগুন দিল সন্ত্রাসীরা

সাতক্ষীরার দেবহাটায় এক মহিলার বাড়ির মালামাল লুটপাট করে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এতে বাধা দেয়ায় নারী ও পুরুষসহ ছয়জনকে পিটিয়ে জখম করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নোড়ারচক উত্তর পাড়ায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলার চালতেতলা গ্রামের আরশাদ গাজীর ছেলে রবিউল্লাহকে আটক করেছে। আহতরা হলেন, দেবহাটার নোড়ার চক গ্রামের তছিরউদ্দিনের মেয়ে বুলবুলি খাতুন (৫০), তারিকুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন (৩৫), তার মেয়ে তাহেরা ইসলাম টুম্পা (১৮). ধীরেন মন্ডলের ছেলে গোবিন্দ মন্ডল (৪৫), তার স্ত্রী কালিদাসী মন্ডল (৩৮) ও ছেলে সোমনাথ মন্ডল (২২)। আহতদের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত বুলবুলি খাতুন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে উচ্ছেদের জন্য ১৫/২০ জনের একদল সন্ত্রাসী তার বাড়িতে সশস্ত্র হামলা চালায়। এ সময় হামলাকারিরা তার বাড়ির তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ঘরে আগুন দিতে গেলে বাধা দেয়ায় তাকেসহ প্রতিবেশি অন্যদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ ব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালালউদ্দিন অগ্নিসংযোগ, লুটপাট ও মারপিটের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালীগঞ্জ সহকারি পুলিশ সুপার মীর মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।