পৃথক দুর্ঘটনায় নিহত ১১ জন

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় ১১ জন মারা যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। দাউদকান্দিতে তিনজন নিহত কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়ায় গতকাল শনিবার ২টি বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দপুর উপজেলার একরামুল হক ও স্বপন এবং অজ্ঞাত পরিচয় একজন। আহতদেরকে স্থানীয় গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুরে দুইজন নিহত লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ এলাকায় গত শুক্রবার রাত ১২টায় যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. হোসেন ও আজাদ নামে দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার এএসআই মুকবুল হোসেন জানান, লক্ষ্মীপুর থেকে রামগতি যাওয়ার পথে রাস্তার পাশে খাদে পড়ে লেগুনা উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। ফুলবাড়িতে স্কুল শিক্ষক নিহত দিনাজপুরের ফুলবাড়ি-মধ্যপাড়া মহাসড়কের পাঁচপুকুরিয়া শালবাগান মোড় এলাকায় গত শুক্রবার সন্ধ্যা ৭টায় ট্রাকের চাপায় নজরুল ইসলাম (৪৫) নামে এক স্কুল শিক্ষক মারা গেছেন। নিহত নজরুল ইসলাম পার্বতীপুর উপজেলার ভবানীপুর কালীকাপুর গ্রামের মোকলেছার রহমানের ছেলে এবং কালীকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। শ্রীপুরে বজ্রপাতে স্কুল ছাত্রীর মৃত্যু গাজীপুরের শ্রীপুর পৌরসভাধীন কেওয়া গ্রামে গত শনিবার দুপুরে বৃষ্টির পানিতে বাড়ির আঙ্গিনায় গোসল করার সময় বজ্রপাতে নাছিমা খাতুন (১২) নামে এক স্কুল ছাত্রী মারা গেছে। সে কেওয়া আকন্দ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। বেড়ায় অগ্নিদগ্ধে একজনের মৃত্যু পাবনার বেড়ার বৃশালিখা গ্রামে গতকাল শনিবার অগ্নিদগ্ধ হয়ে রূপা (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে মোহাম্মদ মাস্টারের বাড়িতে আগুন লাগে। এ সময় মেয়েটি শিকল বাঁধা অবস্থায় ঘরের মধ্য ছিল। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়া হয় । টর্চ লাইট চার্জ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের একটিদল আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘরের যাবতীয় মালামালসহ নগদ টাকা ও স্বর্ণালংকার ভস্মীভূত হয় । রূপগঞ্জে শ্রমিকের লাশ উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো খালপাড় এলাকায় গতকাল শনিবার দুপুরে রুহুল আমিন (২২) নামে এক টেক্সটাইল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রূপগঞ্জ থানার এসআই রাশিদুল হক রাশিদ জানান, রুহুল আমিনের শয়ন কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে। ভাঙ্গায় যুবকের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামে গতকাল শনিবার দুপুরে রিকাত খাঁ (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম বলেন, জানতে পেরেছে অভাব ও শারীরিক অসুস্থতার কারণে সে আত্মহত্যা করেছে। মহেশখালীতে বজ্রপাতে এ+প্রাপ্ত ছাত্রের মৃত্যু কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় গত শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে মোহাম্মদ শাহদত (১৬) নামে এবারের দাখিল পরীক্ষায় এ+প্রাপ্ত এক ছাত্র নিহত ও আরো চারজন আহত হয়েছেন। সহপাঠীদের সাথে ফুটবল খেলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শব্দে সে অজ্ঞান হয়ে পড়ে। কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। নিহত শাহদত কালারমারছড়া মঈনুল ইসলাম দাখিল মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় সে এ+ পেয়েছিল। মেহেরপুরে পাঁচজন আহত মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় গত শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, রজব আলী মাস্টার ও তার স্ত্রী জুবাইদা লাকি, ছেলে আসিফ ও মেয়ে সাদিয়া এবং সদর উপজেলার ধুসারপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মনজুর। মান্দায় একজন নিহত নওগাঁর মান্দার গোবিন্দপুর মোড়ে গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সোলাইমান আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। অষ্টগ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হায়দারাবাদ কলিমপুর গ্রামে গতকাল শনিবার দুপুরে বজ্রপাতে সঞ্জয় দাস (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি নিজ বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।