সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৪ মে ২০১৪, ২২:০৬
আজ নাকুগাঁও গণহত্যা দিবস
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ আজ ২৫ মে নাকুগাঁও গণহত্যা দিবস। ‘৭১ সালের এই দিনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্তে ভারতে প্রবেশের জন্য অপেক্ষমাণ লোকদের উপর হানাদার বাহিনী হামলা চালিয়ে দুই শতাধিক বাঙ্গালিকে নির্মমভাবে হত্যা করে। পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলায় সেদিন প্রাণ হারায় ৯ জন ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফও। সূত্র জানায়, সেদিন সন্ধ্যা হয়ে যাওয়ায় দুইশতাধিক লোক নাকুগাঁও-ডালু সীমান্তে ভারতে প্রবেশের জন্য অপেক্ষমাণ ছিলো। ভোর হলেই তারা ভারতে প্রবেশ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে। কিন্তু মধ্যরাতে এদেশীয় রাজাকারদের সহায়তায় পাকহানাদার বাহিনী নিরস্ত্র বাঙ্গালিদের উপর বর্বর হামলা চালিয়ে নৃশংসভাবে তাদের হত্যা করে। প্রতিরোধ করতে গিয়ে প্রাণ হারায় ৯ জন বিএসএফ। সমপ্রতি ‘শহীদ বিএসএফদের স্বরণ ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক আজিজ আহমদ অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সেই ‘শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সাথে ছিলেন বিটিভি‘র সাবেক মহাপরিচালক খ. ম হামিদ, বীরমুক্তিযোদ্ধা ডাঃ মাহমুদ বীরবিক্রম, ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিসুর রহমান, ২৭ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লে. কর্নেল শেখ মনিরুজ্জামান, কর্নেল নজরুল ইসলাম আর ভারতের পক্ষে বিএসএফ’র মহাপরিচালক মি. ডিকে পাঠানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাঁদপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে সভা
চাঁদপুর প্রতিনিধি \ চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার দুপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম। জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে নির্বাচন কার্যক্রম চাঁদপুরের চলমান অবস্থা সম্পর্কে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান। সভায় পুলিশ সুপার মো. আমির জাফর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ আলম সিদ্দিকী, পৌর প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী, সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
মদনে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০
মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ গতকাল শনিবার সকাল নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী পশ্চিমপাড়া গ্রামের রুহুল আমিন এবং একই গ্রামের মাসুম মিয়ার খড় নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। জানা যায়, উপজেলার গোবিন্দশ্রী পশ্চিমপাড়া গ্রামে ভাগে খড় বেশি নেয়াকে কেন্দ্র করে রুহুল আমিন এবং একই গ্রামের মাসুম মিয়ার বাক-বিতণ্ডা হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে আংগুর মিয়া (৩৮), সুজাত মিয়া (৩০), রুহুল আমিন (৩০), আবু তালেব (৪০), রেহেনা আক্তার (৪০) ও মাসুম মিয়া (২৮) আহত হয়ে মদন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়। আহতদের মধ্যে মাসুমের অবস্থা আংশকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিত্সক আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আঃ কদ্দুস ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
লালপুর আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন
লালপুর (নাটোর) সংবাদদাতা \ সুদীর্ঘ এক যুগ পর বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শনিবার নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খানের সভাপতিত্বে অধিবেশনে আফতাব হোসেন ঝুলফুকে সভাপতি এবং ইসাহাক আলীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যে বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলে বক্তব্য রাখেন সাবেক যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহাদ আলী সরকার, সিনিয়র সহ-সভাপতি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, নাটোরের সাবেক মেয়র এ্যাডঃ কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সাহা, জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম রমজান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল (এমপি), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।
ইসলামী আন্দোলন নরসিংদীর কমিটি গঠন
নরসিংদী প্রতিনিধি \ ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদীর ২৫ সদস্য বিশিষ্ট নয়া কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা আব্দুল বারী। সেক্রেটারি নির্বাচিত হয়েছে মাওলানা মোঃ আশরাফ হোসেন ভুঁইয়া। গতকাল শনিবার দুপুরে দলের জেলা কার্যালয়ের মজলিশের শুরার এক বৈঠকে সর্বসম্মতি ক্রমে এই কমিটি গঠন করা হয়েছে। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী আবুল হোসেন ও নাসির উদ্দিন ভুঁইয়া। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি রশিদ আহমেদ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফজলুল হক মাস্টার এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াহাব মোল্লা। মজলিশে শুরার বৈঠকে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ ইউনুছ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য বরকতউল্লাহ লতিফ। মজলিশের শুরার বৈঠকে ৬টি সাংগঠনিক থানা, ৫টি পৌরসভা ও উপদেষ্টা কমিটিসহ জেলা কমিটির ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা \ নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম লিটনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়েছে। ঘোষিত কমিটিতে কাজী জাহাঙ্গীর হোসেনকে উপজেলা সভাপতি, মাহবুব হোসেনকে সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ সাইদুল কবির রানাকে সাধারণ সম্পাদক ও হুমায়ুন কবির মিন্টুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়েছে।
জয়পুরহাটে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা
জয়পুরহাট প্রতিনিধি \ ‘নিরাপদ সাইবার জগত্, এটাই হোক আজকের শপথ’— এই স্লোগানে দেশব্যাপী সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল শনিবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘সাইবার নিরাপত্তা কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক শাহরিয়ার তাপস প্রমুখ।
বেড়া সাংস্কৃতিক সংসদের নতুন কার্যালয় উদ্বোধন
বেড়া (পাবনা) সংবাদদাতা \ পাবনার বেড়ায় বেসাসের (বেড়া সাংস্কৃতিক সংসদ) নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-১ আসনের এমপি এড. শামসুল হক টুকু। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বেড়া পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল বাতেন এবং উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসাসের সভাপতি আল মাহমুদ সরকার। উপস্থিত ছিলেন বেসাসের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার খান প্রমুখ।
পাকুন্দিয়ায় বিনামূল্যে চারা বিতরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি ও পাকুন্দিয়া সংবাদদাতা \ অগ্রণী ব্যাংক পাকুন্দিয়া শাখার উদ্যোগে বিনামূল্যে চাষীদের মধ্যে বাউকুল, কমলা ও নিমের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আবু হানিফ মিয়া এবং প্রধান অতিথি ছিলেন কৃষিসচিব এস এম নাজমুল ইসলাম। বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোবারক হোসেন ভুঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচলাক নির্মল কুমার সাহা, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু প্রমুখ।
বটিয়াঘাটায় সুন্দরী প্রকল্পের কর্মশালা
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায়, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের কারিগরি সহযোগিতায় এবং জেজেএস সুন্দরী প্রকল্পের আয়োজনে গতকাল শনিবার অভিযোগে সাড়া প্রদান শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অভিযোগ কি, অভিযোগ কত প্রকারের হতে পারে, কিভাবে অভিযোগ আসতে পারে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। বটিয়াঘাটা জেজেএস প্রকল্প অফিসে সকাল এগারটায় অনুষ্ঠিত কর্মশালা পরিচালনা করেন জেজেএস সুন্দরী প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জিয়া আহমেদ।
আড়াইহাজারে ১০ ভরি স্বর্ণের বারসহ ১ জন গ্রেফতার
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার থানা পুলিশ গতকাল শক্রবার দিবাগত রাত অনুমান সাড়ে ১০টায় এক পথচারীর দেহ তল্লাশি করে তার পকেট থেকে প্রায় ১০ ভরি ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার ও তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি বি. বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার জগন্নাথপুর গ্রামের ওয়ালিউল্লাহর ছেলে জিলানী (২১)। আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, ওই সময় ঢাকা-বিশনন্দী সড়কের জালাকান্দি নামক স্থানে টহলরত পুলিশ পথচারী জিলানীকে সন্দেহবশত তার দেহ তল্লাশি করে উক্ত স্বর্ণের বারটি তার জামার পকেট থেকে উদ্ধার ও তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মনপুরায় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মনপুরা (ভোলা) সংবাদদাতা \ মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার গ্রামীণ প্রতিযোগিতায় ক্রীড়া অনুষ্ঠানের ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল্লাহ আল বাকী। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষকবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ৪টি ইউনিয়ন থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ। উপজেলার ৪টি ইউনিয়ন থেকে আসা ৭টি ইভেন্টের ২৮ বিজয়ী দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উজিরপুরে নারী উন্নয়ন ফোরামের প্রশিক্ষণ কর্মশালা
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা \ উজিরপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক ২ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার শুরু হয়েছে। আজ রবিবার এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের স্থানীয় সরকারের পরিচালক, যুগ্মসচিব প্রণয় কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ডিভিপি ইউএনডিপি উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের পরিচালক অসীম শাহা। উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগিতায় ও উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারমান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লালয়া পারভীনসহ ২৭ জন মহিলা ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ।
রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে জেব্রাক্রসিং
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ এশিয়ান হাইওয়ে নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ভূমি অফিস সংলগ্ন চৌরাস্তা এলাকায় গতকাল শনিবার সকালে জেব্রাক্রসিং নির্মাণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে এলাকার যুব সমাজের উদ্যোগে এ জেব্রাক্রসিং নির্মাণ কাজের উদ্বোধন করেন সাপ্তাহিক ‘আমাদের রূপগঞ্জ’ পত্রিকার সম্পাদক মো. হানিফ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নিজামউদ্দিন আহমেদ, গোলাকান্দাইল সূর্যোদয় সাংস্কৃতিক সংঘের নেতা মিলন ভুঁইয়া, জামান মিয়া, রাসেল, রাকিব, ফয়সাল, জুয়েল, সজিব, রিপন, তাপস, কাউছার, তাজুল ইসলাম, প্রিন্স, জুয়েল, দুলাল, মিতানূর প্রমুখ।
খোকসায় আধুনিক পদ্ধতিতে মৌচাষ বিষয়ক প্রশিক্ষণ
খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা \ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর মৌচাষ উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার এক্তারপুরে ১৫ দিনব্যাপী ১০ জন স্থানীয় উদ্যোক্তাকে মৌচাষ উন্নয়ন প্রশিক্ষণ দেয় হচ্ছে। ২০ মে থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে আগামী ৫ জুন। গতকাল শনিবার এ প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন প্রকল্প পরিচালক খন্দকার আমিনুজ্জামান। এ সময় তার সাথে ছিলেন বিসিক কুষ্টিয়ার উপ-ব্যবস্থাপক মজিবুর রহমান, সহকারী ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ, খোকসা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম।
মধুখালীতে জনস্বাস্থ্যের মান উন্নয়নে ওয়ার্কশপ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গতকাল শনিবার মধুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ঘরণা এনজিও এর সহযোগিতায় স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর অর্থায়নে জনস্বাস্থ্যের মান উন্নয়নে খাদ্যে ভেজাল বিষয়ক ক্যাম্পেইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। জনসংখ্যা যাতে হুমকির মধ্যে না পড়ে সে জন্য এ ধরনের ওয়ার্কসপ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. হাসিনা বেগমের সভাপতিত্বে ওয়ার্কসপে মূল আলোচক ছিলেন ফরিদপুরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আলমগীর ফকির। এতে উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি শাহ্ মো. ইলিয়াছ, সাংবাদিক আকরাম খান, মনিরুজ্জামান মন্নু, হোটেল ব্যবসায়ী আকু বিশ্বাস প্রমুখ।
দেওয়ানগঞ্জে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন
দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ গতকাল শনিবার দেওয়ানগঞ্জ উপজেলা চত্ব্বরে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন ও ঢেউটিন, ছাগল, চেক বিতরণ করা হয়। উপজেলা পরিষদ -উপজেলা প্রশাসনের উদ্যোগে ২দিনব্যাপী মেলার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত মেয়র আক্কাছ আলী, আওয়ামী লীগ নেতা আসলাম হোসেন, মঞ্জুরুল হক মঞ্জু, শফিউল হক মান্না, সাবেক অধ্যক্ষ নারায়ণ চন্দ্র সাহা, প্রধান শিক্ষক ফজলুল হক প্রমুখ।
পাথরঘাটায় জেলেদের মাঝে জাল বিতরণ
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন পাথরঘাটার হতদরিদ্র জেলেদের মাঝে জাল বিতরণ করেছেন গতকাল শনিবার। এসময় জেলেরা সাগরের তাদের ব্যবহারিক অবৈধ পুরান জাল মত্স্য অফিসে জমা দিয়ে নতুন জাল গ্রহণ করেন। পরে এমপির উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। জাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেন সরকার ও মত্স্য কর্মকর্তা মো. আ. কুদ্দুস প্রমুখ।
পঞ্চগড়ে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক উদ্বোধন
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ১০২ তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা শহরের বকুলতলাস্থ আফছার প্লাজার দ্বিতীয় তলায় এই শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবু বকর ছিদ্দিক, পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল কায়সার মিন্টু, ওয়ায়সুল কোরায়সী ও দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ -এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
গাজীপুরে রোভার স্কাউটসের কর্মশালা শুরু
গাজীপুর প্রতিনিধি \ রোভার স্কাউটসের আগামী ২০১৪-১৫ সালের কর্মপরিকল্পনা চূড়ান্ত ও বিগত বছরের রোভার কার্যক্রমের মূল্যায়ন করার লক্ষ্যে তিন দিনব্যাপী অষ্টাদশ কর্মশালা গতকাল শনিবার গাজীপুর সদরের বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে। দুপুরে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালার পরিচালক ড. আরেফিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কাউটসের জাতীয় কমিশনার মেজবাহ উদ্দিন ভুঁইয়া, মোহাম্মদ মহসিন, রোভার অঞ্চলের সম্পাদক মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ প্রফেসর গাজী মোঃ আকবর হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন প্রমুখ।
সাংবাদিক হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় সমাবেশ
চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গায় সাংবাদিক নিপুল হত্যার প্রতিবাদে গতকাল শনিবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবে দ্বিতীয় দিনের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শিল্প-বণিক সমিতির সভাপতি হাজী ইয়াকুব হোসেন মালিক সুধি সমাবেশে সভাপতিত্ব করেন। সাংবাদিক সদরুল আলম নিপুল হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের জোরালো দাবি জানিয়ে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা বিএমএ সভাপতি ডাঃ মার্টিন হিরোক চৌধুরী, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি মাহতাব উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা বিএনপি যুগ্ম-আহবায়ক ওয়াহেদুজ্জামান বুলা, জাসদ (রব) জেলা সভাপতি তৌহিদ হোসেন, বেসরকারি সংগঠন ওয়েভ ফাউন্ডেশনের জহির রায়হান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন ও বাসাস চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক ডাঃ শাহার আলী।
বানারীপাড়ায় লিলি গণগ্রন্থাগারের উদ্যোগে বৃক্ষরোপণ
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়ায় লিলি গণগ্রন্থাগারের উদ্যোগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঐতিহ্যবাহী বানারীপাড়া ইউনিয়ন ইনিস্টিটিউশন’র আঙিনায় স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ’লীগের সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস ফলদ বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সুভাষ চন্দ্র শীল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি একেএম ইউসুফ আলী, প্রধান শিক্ষক খাদেম আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দীন আহমদ কিসলুু, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাবেক সভাপতি এস মিজানুল ইসলাম, সাংবাদিক কাওসার হোসেন, লিলি গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মনির তালুকদার, সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সহ-সভাপতি ইলিয়াস শেখ, সাংবাদিক মোঘল সুমন সাফকাত প্রমুখ।
তারাগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপ্ত
তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা\ রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত শুক্রবার রাত ৮টায় দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও গোলাম মওলা, বিশেষ অতিথি ছিলেন তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। বক্তব্য রাখেন তারাগঞ্জ থানার ওসি মো. মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহজাহান, উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র ঘোষ, সাংবাদিক আখতারুজ্জামান শুভ ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হরে দত্ত রায় প্রমুখ। গত বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধনী আলোচনা সভায় রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম, মো. আহসানুল হক চৌধুরী (ডিউক) বলেন, পশ্চাত্মুখী দেশকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে আওয়ামী লীগ সরকার ২০০৯ সাল থেকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে।
রায়পুরে গুণীজন, শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রায়পুরে গতকাল শনিবার শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি মরহুম মোহাম্মদ উল্যাকে মরণোত্তর, ১৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী এবং ১৯৩ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও শারমীন আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, বেল্লাল হোসেন ভুঁইয়া, ছফি উল্যা খান, শামছুত্তাওহিদ, অধ্যক্ষ মাওলানা মুনসুর আহম্মদ প্রমুখ।
নাগেশ্বরী হাসপাতালের অ্যাম্বুলেন্স উদ্বোধন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা\ নাগেশ্বরী হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান। গতকাল শনিবার সকালে এর উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: জি আর এম মোকছেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রহমান মিয়া, আ.ম.প আনিছুর রহমান আনিছ প্রমুখ।
জয়পুরহাটের ৪টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন
জয়পুরহাট প্রতিনিধি\ জয়পুরহাটের কালাই ও ক্ষেতলাল উপজেলার ৪টি গ্রামকে পল্লী বিদ্যুতের আওতায় আনা হয়েছে। গতকাল শনিবার ৪টি গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান রওনকুল ইসলাম চৌধুরী টিপু, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান ও জয়পুরহাট পল্লী বিদ্যুত্ সমিতির সহকারী ম্যানেজার অমল চন্দ্র বোস।
নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা\ নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিটনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়েছে। ঘোষিত কমিটিতে কাজী জাহাঙ্গীর হোসেনকে উপজেলা সভাপতি, মাহবুব হোসেনকে সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ সাইদুল কবির রানাকে সাধারণ সম্পাদক ও হুমায়ুন কবির মিন্টুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়েছে।
রায়পুরে জেলে গণনাকারীদের প্রশিক্ষণ
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা\ জেলেদেন নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান শীর্ষক প্রকল্পের অনুকূলে গতকাল শনিবার রায়পুর উপজেলার জেলেদের গণনাকারীদের প্রশিক্ষণ হয়। রায়পুর মত্স্য প্রজনন কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে গণনাকারীদেরকে এ প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ ও দিক-নির্দেশনা দেন প্রকল্প পরিচালক আরিফ রহমান তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এসএম মহিব উল্যা ও মত্স্য কর্মকর্তা আসাদুজ্জামন আসাদ।
মধুখালীতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা\ গতকাল শনিবার মধুখালী উপজেলার স্বাস্থ্য সংরক্ষণ, খাদ্য তৈরি পরিবেশন বিষয়ক স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্য শিক্ষা বিষয়ক উদ্বুদ্ধকরণ এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. হাসিনা বেগমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ফরিদপুরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আলমগীর ফকির। সভায় খাদ্য ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ইমাম, পুরোহিত এবং সাধারণ ভোক্তাসহ প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন।
গৌরনদীতে কষ্টিপাথরের যুগল মূর্তি উদ্ধার
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ পৌর এলাকার কাছেমাবাদ মহল্লার একটি পুকুর খননকালে গতকাল শনিবার দুপুরে কষ্টিপাথরের যুগল মূর্তি উদ্ধার করেছে শ্রমিকরা। খবর পেয়ে থানা পুলিশ যুগল মূর্তিটি থানায় নিয়ে আসেন। ওই মহল্লার বাসিন্দা আমিনুল ইসলাম রিপন জানান, স্থানীয় আইউব আলী হাওলাদারের পুকুর খননকালে শ্রমিকরা আনুমানিক ২০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করেন। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৌতম বুদ্ধ, গনেশ ও বিষ্ণু প্রতিমার যুগল মূর্তিটি থানায় নিয়ে যায়। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে যুগল মূর্তিটি কষ্টিপাথরের।
আটঘরিয়ায় দুই শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান
আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা\ পাবনার আটঘরিয়ায় প্রায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এ উপলক্ষে চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা এনএন দাখিল মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় আওয়ামী লীগ সভাপতি ইন্তাজ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ: কুদ্দুস মোল্লা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আ: গফুর মিয়া, আশরাফুল ইসলাম, জাহিদুল ইসলাম, কামাল হোসেন, সাইদুর রহমান প্রমুখ।
মির্জাপুরে ফিল্মি স্টাইলে মোটরসাইকেল ছিনতাই
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ ফিল্মি স্টাইলে ভাড়ায় চালিত এক যুবকের মোটরসাইকেল ছিনতাই হয়েছে। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের কাটরা আছিমতলা নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, কাটরা গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে সুমন ওয়ালটনের একটি মোটরসাইকেল ভাড়ায় চালাত। দুপুরে অপরিচিত এক যুবক মোটরসাইকেল ভাড়া করার জন্য সুমনকে প্রস্তাব দেয়। মোটরসাইকেলে উঠে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের গেটের সামনে এলে কৌশলে ঐ মোটরসাইকেল নিয়ে অপরিচিত যুবক চম্পট দেয়। এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে মোটরসাইকেলের মালিক সুমন জানিয়েছে।
যক্ষা নিয়ন্ত্রণে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময়
পঞ্চগড় প্রতিনিধি \ যক্ষারোগী সনাক্তকরণ ও রোগ নিয়ন্ত্রণে সুশীল সমাজের করণীয় শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারাম আলী। নাটাব পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের পঞ্চগড় প্রতিনিধি কাওছার আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নাটাব প্রজেক্ট অফিস ঢাকার কনসালটেন্ট ডা. ওয়ালিউদ্দীন কিবরিয়া ও পঞ্চগড় আদর্শ মহিলা আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল বাশার মোহাম্মদ আব্দুস সামাদ প্রমুখ।
প্রতিপক্ষের দেয়া বিষে সাঘাটার বিলের মাছ মরে যাচ্ছে
গাইবান্ধা প্রতিনিধি \ প্রতিপক্ষের দেয়া বিষে গতকাল শনিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার মাদারদহ বিলের ৫০ মণ মাছ মরে গেছে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়। এ মত্স্য সম্পদ নষ্ট হওয়ায় পথে বসেছে মত্স্যজীবী আজিবর রহমান। জানা যায়, উপজেলার যাদুরতাইড় গ্রামের কামাল উদ্দিনের ছেলে আজিবর রহমান গাইবান্ধা জেলা মত্স্য অধিদপ্তরের নিকট থেকে ইজারামূল্যে এই বিলে মাছ চাষ করছিলেন। বিলে তিনি রুই, কাতলা, ব্রে-কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে দেয়। শনিবার ভোরে স্থানীয় ইজারা বঞ্চিত প্রতিপক্ষের লোকজন ওই বিলে বিষ প্রয়োগ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।