নাগেশ্বরীতে অজ্ঞাত রোগে এক পরিবারে ছয়জনসহ অসুস্থ ৯

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

অজ্ঞাত রোগে নাগেশ্বরীতে একই পরিবারের ছয়জনসহ নয়জন অসুস্থ হয়ে পড়েছেন। তারা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট গ্রামের ২নং ওয়ার্ড ইউপি সদস্য রতন রায়ের পরিবারের লোকজন ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই একে একেই সকলেই প্রচণ্ড মাথা ব্যথাসহ দুর্বলতা অনুভব করে জ্ঞান হারিয়ে ফেলেন। তাদের এ অবস্থা দেখে প্রতিবেশিরা এগিয়ে আসলে তাদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে রতন রায় বাড়ি ফিরে তাদের দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান। রতন রায় জানান, শুক্রবার রাতে তিনি কুড়িগ্রামের বাসায় যান। শনিবার দুপুরে খবর পেয়ে গ্রামে ফিরে অসুস্থ অবস্থায় তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নির্মলেন্দু রায় মানিক জানান, অনুমান করা হচ্ছে কেউ হয়তো কোনো কারণে ওই কক্ষে চেতনানাশক জাতীয় ওষুধ স্প্রে করেছে। এর প্রতিক্রিয়ায় এমনটা হতে পারে।