ফকিরহাটে মাইক্রো ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

মংলা-মাওয়া মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলার তৈয়বের বটতলা এলাকায় শনিবার সন্ধ্যায় মাদারীপুরগামী একটি বাসের সাথে খুলনাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন-মাইক্রোবাস চালক জুয়েল (২৬), পুলিশ সদস্য আমীর হোসেন সাগর (২৮), মইন (২৮), মইনের স্ত্রী মুণ্নি (২৫), তাদের ৬ মাসের পুত্র মাহি, দোলেয়া বেগম (৩৮), মিম (১৮) ও এনায়েত হোসেন (২২)। নিহতদের বাড়ি খুলনা মহানগরীর খালিশপুরের রায়ের মহল এলাকায়। এ দুর্ঘটনার পর এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ জানায়, বাগেরহাটের চিতলমারী উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে খুলনায় ফেরার পথে মাইক্রোবাসটি তৈয়বের বটতলা এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী রূপসী পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ৬ জন নিহত হয়। গুরুতর আহত ২ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তারা মারা যায়। বাগেরহাট ট্রাফিক বিভাগের ওসি আব্দুল হালিম জানান, দুর্ঘটনার পরপর রূপসী পরিবহনের চালক ও হেলপাররা পালিয়ে যায়।