মোদীর আমন্ত্রণ গ্রহণ করলেন নওয়াজ

ভারতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদানে সম্মত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। গতকাল শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র উপদেষ্টা শরতাজ আজিজও যাবেন। পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে তিন দিনের বাক-বিতন্ডা এবং সমঝোতার পর অবশেষে নওয়াজ মোদীর আমন্ত্রণ গ্রহণ করেন। নওয়াজের আমন্ত্রণপত্র গ্রহনের খবরে আনন্দ প্রকাশ করেছে বিজেপি। তবে কংগ্রেস সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আগামীকাল সোমবার সন্ধ্যা ৬ টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে এই প্রথম সার্ক দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হলো। মোদী নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন, আলোচনা এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারেনা। তাই পাকিস্তান মোদীর ডাকে সাড়া দেবে কিনা সেই বল পাকিস্তানের কোর্টে ছিল এবং পাকিস্তান অবশেষে এতে সাড়া দিল। মঙ্গলবার নওয়াজ শরীফ নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে সাক্ষাত করবেন। ওই দিন বিকেলেই তিনি পাকিস্তান ফিরে যাবেন। এই সাক্ষাতে প্রাথমিকভাবে দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা করা হবে। তবে নওয়াজ মূলত মোদীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানাবেন। এখনো জানা যায়নি শরীফকে মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে কিভাবে রাজি করানো হলো। কারন দেশটির মন্ত্রিপরিষদের কিছু ব্যক্তি এবং সামরিক বাহিনী এই সিদ্ধান্তের বিরোধী ছিলেন। তবে যাই হোক এটা স্পষ্ট, পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ কোনভাবেই ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার সুযোগকে হাতছাড়া করতে চায় না। ২০১২ সালের সেপ্টেম্বরে সর্বশেষ ভারত-পাকিস্তান সংলাপ অনুষ্ঠিত হয়। বিজেপি মুখপাত্র প্রকাশ জাভেদকার জানিয়েছেন, এটা খুশির খবর যে নওয়াজ শরীফ শপথ অনুষ্ঠানে আসছেন। এটা শান্তির সূচনা। পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার ভারতের প্রতিবেশি। আর প্রতিবেশি কখনো পরিবর্তন হতে পারেনা। কংগ্রেসে নেতা এবং সদ্য বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী মনিষ তেওয়ারি বলেছেন, বিজেপি এর আগে বলেছে, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। তাই আশা করি, দলটি মুম্বাই বোমা হামলা এবং দাউদ ইব্রাহিমের হস্তান্তরের ব্যাপারে পদক্ষেপ নেবেন। শপথ অনুষ্ঠানে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, সালমান খান, রজনীকান্ত এবং শিল্পী লতা মুঙ্গেশকরকেও দাওয়াত দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আড়াই হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে।