বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসাবে মার্সিয়ার নাম ঘোষণা
প্রকাশ : ২৫ মে ২০১৪, ০০:০৬
বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিস মার্শিয়া স্টিফেন্স ব্লুম বারনিকাট-এর নাম ঘোষণা করেছেন। শনিবার হোয়াইট হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।
বর্তমানে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার মেয়াদ শেষে রাষ্ট্রদূত মার্শিয়া তার স্থলাভিষিক্ত হবেন। আগামী নভেম্বর মাসে ড্যান মজীনার বাংলাদেশে তিন বছর মেয়াদ পূরণ হবে। নতুন রাষ্ট্রদূত মাশিয়ার মনোনয়ন মার্কিন কংগ্রেসে শুনানির পর চূড়ান্ত হবে।
রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বারনিকাট পেশাগত জীবনে পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা, মন্ত্রীর পরামর্শক শ্রেণীর, বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানব সম্পদ বিভাগের উপ সহকারী সচিব হিসাবে কর্মরত আছেন। এই পদে তিনি ২০১২ সাল থেকে বহাল আছেন। এর আগে ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত তিনি সেনেগাল ও গিনি-বিসাউ এর রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন। ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক অফিস পরিচালক হিসাবে তিনি ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভুটানে কাজ করেছেন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানব সম্পদ বিভাগে উচ্চ পর্যায়ের পরিচালক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট অফিসার হিসাবে কাজ করেছেন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ব্রিজটাউন, বার্বাডোস এর যুক্তরাষ্ট্র দূতাবাসের মিশন উপ-প্রধান হিসাবে এবং ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি লিলঙ্গুএ, মালাউই-এ যুক্তরাষ্ট্র দূতাবাসের মিশন উপ-প্রধান হিসাবে কাজ করেছেন। ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় যুক্তরাষ্ট্র কনস্যুলেট এর প্রিন্সিপাল অফিসার এর দায়িত্ব পালন করেছেন। তিনি নয়াদিল্লীর যুক্তরাষ্ট্র দূতাবাসের উপ- রাজনৈতিক পরামর্শক হিসাবে ১৯৯২-১৯৯৫ সাল পর্যন্ত কাজ করেছেন। ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক অধিদপ্তরে ইন্ডিয়া ও নেপালের ডেস্ক অফিসার হিসাবে কাজ করেছেন। তার পেশা জীবনের শুরুর দিকে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ও ফ্রান্স এর মার্সেই এর কন্স্যুলার অফিসার জন হোয়াইটহেড এর বিশেষ সহকারী হিসাবে কাজ করেছেন। মালির বামাকোতে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক অফিসার ও কনস্যুলার হিসাবে কাজ করেছেন। রাষ্ট্রদূত বারনিকাট লাফায়াতে কলেজ থেকে তার বি এ এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।