চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে না নেয়ার দাবি চট্টগ্রামের ব্যবসায়ীদের

চা নিলাম কার্যক্রম চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তারা বলেন, সমপ্রতি বাণিজ্য মন্ত্রণালয় চায়ের নিলাম কার্যক্রম চট্টগ্রামের পরিবর্তে শ্রীমঙ্গলে সরিয়ে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে কোনো বাগান মালিক বা চা ব্যবসায় জড়িতরা লাভবান হবে না। চট্টগ্রামে চা নিলাম কার্যক্রমের প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। কিন্তু শ্রীমঙ্গলে তা নতুনভাবে গড়ে তোলা সময়সাপেক্ষ ব্যাপার। এ সিদ্ধান্তের ফলে অধিকাংশ প্রতিষ্ঠান চা আমদানি করে বাজারজাত করাকেই অধিক লাভজনক হিসাবে বিবেচনা করবে। জানা গেছে, ১৯৪৯ সালের ১৬ জুলাই বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদে চা নিলাম কেন্দ প্রতিষ্ঠা করা হয়। নিলামকে কেন্দ করে চট্টগ্রামে ১৩টি ওয়্যারহাউস, ৬টি ব্রোকার হাউস, পরিবহন ব্যবসা, বিপণন কোম্পানির অফিস গড়ে উঠেছে। এদিকে, চট্টগ্রাম থেকে চায়ের নিলাম কার্যক্রম শ্রীমঙ্গলে সরিয়ে না নেয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। গতকাল শনিবার এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে জরুরি পত্র প্রেরণ করেছেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। চেম্বার সভাপতি বলেন, নতুন সিদ্ধান্তের ফলে চা ব্যবসার সাথে সংশ্লিষ্টরা অতিরিক্ত কোনো সুবিধা পাবেন না। এতে বরং লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি। যেমন চট্টগ্রামে অবকাঠামোগুলো অকার্যকর হয়ে যাবে। পাশাপাশি প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়বে।