সাতক্ষীরায় হত্যার দায়ে স্বামী ও দেবরের ফাঁসির আদেশ

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও দেবরের ফাঁসির আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহেনুর রহমান। রোববার জনাকীর্ণ আদালতে ওই ফাঁসির রায় দেয়া হয়। এই মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। ফাঁসির আসামিরা হলো: সদর উপজেলার ভোমরা গ্রামের হাড়দ্দহ গ্রামের মাওলা বক্স সরদারের ছেলে সোহরাব হোসেন ও তার ভাই সাহেব আলী। কালিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের ইনসার আলী গাজীর ছেলে নিহতের ভাই নাজিমউদ্দিন জানান, ৭ বছর আগে হাড়দ্দহ গ্রামের মানিক সরদারের কন্যা আফরোজা খাতুনের সাথে সোহবার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার কাছে যৌতুক দাবি করে আসছিল তার স্বামী। সে সময় বাপের বাড়ি থেকে ৩০ হাজার টাকা যৌতুক এনে দেয় আফরোজা। বাকি ২০ হাজার টাকা দিতে না পারায় ২০০৫ সালের ৩১ জানুয়ারি রাতে আফরোজাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে স্বামী ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের ভাই নাজিমউদ্দিন বাদী হয়ে ৫ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সাতক্ষীরা সদর থানা পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।