সাতক্ষীরায় দরিদ্রদের টাকা জনপ্রতিনিধির পকেটে!

সাতক্ষীরার হতদরিদ্র কর্মসূচির কাজ নিয়ে অনিয়ম, দুনীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য এ কর্মসূচির শ্রমিকরা প্রকল্প কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট তাদের অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে সদর উপজেলার বাশদহা কাজীপাড়া গ্রামের আবুল কালাম, আরশাদ, বাসুদেব, নূর ইসলাম জানান, বর্তমানে বাশদহ ইউপির ৬ নং ওয়ার্ডে হতদরিদ্র কর্মসূচির কাজ চলছে। ইউপি সদস্য বজলুর রহমান ১০ জনের পরিবর্তে ৭ জনকে দিয়ে কাজ করাচ্ছেন। কাজে যোগদানের জন্য সাতজনের কাছ থেকে ১ হাজার করে মোট ৭ হাজার টাকা ঘুষ নিয়েছেন ইউপি সদস্য বজলুর রহমান। এদিকে অতিরিক্ত ৩ জনকে কাজ না করিয়ে সম্পূর্ণ বেআইনীভাবে টাকা আত্মসাত্ করেছেন। এ ব্যাপারে ইউপি সদস্য বজলুর রহমান জানান, তার বিরুদ্ধে কর্মসূচির লোকজন অভিযোগ করেছেন এটা তার জানা নেই। তিনি আরো বলেন, ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন হয়। ইউপি চেয়ারম্যান নাসিমুল হক খোকা জানান, এসব অভিযোগ সত্য নয়।