নান্দাইলে বখাটের ক্ষুরে স্কুল ছাত্রী ক্ষতবিক্ষত
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৫ মে ২০১৪, ২১:২৫
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামারুল্লা গ্রামে গত শনিবার রাতে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ক্ষুর দিয়ে গুরুতর জখম করেছে বখাটেরা। আহত ছাত্রীকে প্রথমে নান্দাইল উপজেলা কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বখাটের দুই সহযোগীকে আটক করেছে।
আহত ছাত্রীর বাবা জানান, এমসি উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার বেহেত্তরী গ্রামের মৃত আয়ুব আলীর পুত্র বাদল মিয়া (২২) প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। পরে বাদল বিয়ের প্রস্তাব দিলে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করে। এতে সে ছাত্রীর ক্ষতি করবে বলে হুমকি দেয়। হুমকির বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে অবহিত করা হয়। বখাটে বাদলের ভয়ে সম্প্রতি ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়া কমিয়ে দেয়। গত শনিবার রাতে বাদল তার দল নিয়ে ছাত্রীর বাড়িতে ঢুকে ক্ষুর দিয়ে ছাত্রীর শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায়। এতে ছাত্রী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
ডা. মো. কামরুজ্জামান খান জানান, ছাত্রীর শরীরের ক্ষতগুলো গভীর। শল্য চিকিত্সা (সার্জারী) ছাড়া ক্ষতস্থান মেরামত করা সম্ভব নয়। তাকে বাঁচাতে হলে উন্নত চিকিত্সার প্রয়োজন।
নান্দাইল থানার ওসি মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে বখাটের দুই সহযোগী হাবিবুর রহমান ও মো. গাফফারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।