সনদ জালিয়াতি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাকরিচ্যুত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে নিয়োগ পাওয়া শিক্ষক আবু জাফর মোঃ ইমরানকে চাকরিচ্যুত করা হয়েছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম নুর-উন-নবী। সভায় জানানো হয়, ইমরানের সার্টিফিকেটগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিলো। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার সনদপত্র যাচাই করে বলেছে এসব জাল সার্টিফিকেট। তাই ইমরানকে চাকরিচ্যুত ও তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন কর্মকর্তা মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন। জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে প্রভাষক পদে আবেদনের সময় তিনি বিবিএ-এর ফলাফলে সিজিপিএ দেখান ৩.৬৩ এবং এমবিএ-এর ফলাফলে ৩.৫৪। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২০০১-২০০২ সেশনে ভর্তি হয়ে তিনি ২০০৫ সালের বিবিএ পরীক্ষায় (অনুষ্ঠিত ২০০৭) সিজিপিএ ২.৭৩ পান। অথচ বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম ৩.৫। ২০০৬ সালের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষায় (অনুষ্ঠিত-২০০৮) সিজিপিএ পেয়েছেন ২.৬০।