রাজধানীতে বিএনপির বিক্ষোভ
প্রকাশ : ২৫ মে ২০১৪, ২৩:১৫
গত বৃহস্পতিবার নাগরিক সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে গতকাল রাজধানীর থানায় থানায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিকালে ধানমন্ডি ল্যাব এইড-এর সামনে থেকে মিছিল শুরু হলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি ধানমন্ডি ৮ নম্বরে গিয়ে শেষ হয়। তেজগাঁও থানা এলাকায় শাহিনবাগ থেকে মিছিল শুরু হয়ে পুরাতন বিমান বন্দরে গিয়ে শেষ হয়। যাত্রাবাড়ী থানা বিএনপি’র বিক্ষোভ মিছিল মাতুয়াইল থেকে শুরু হয়ে ডেমরা রোডে শেষ হয়। মিরপুরের কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়। বিএনপি অভিযোগ করেছে, মিছিলে পুলিশের হামলায় সাত থেকে আটজন নেতাকর্মী আহত হয়। এছাড়া শেরে বাংলানগর, সুত্রাপুর, খিলগাঁও, মুগদাপাড়া, কলাবাগান, কাফরুল, হাজারীবাগ, শ্যামপুর, কদমতলী, বাড্ডা, শাহ আলী, শাহাবাগ, কোতোয়ালী, বংশাল প্রভৃতি এলাকায় মিছিল হয়।