৮ জেলার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে রাজশাহী বিভাগের ৮ জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভাগীয় পরিবহন (বাস-ট্রাক) মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ৬ দফা দাবিতে রবিবার ভোর ৬টা থেকে এই ধর্মঘটের ডাক দিয়েছে। এদিকে রবিবার সকালে ধর্মঘটের সমর্থনে পরিবহন মালিক-শ্রমিকরা নগরীর পুরাতন বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে। অন্যদিকে রবিবার পবা উপজেলার নওহাটায় আওয়ামী লীগের এমপি আয়েন উদ্দিনের নেতৃত্বে অবৈধ নছিমন, করিমন, ভটভটির চালকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বলে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি অভিযোগ করেন। এর আগে শনিবার রাত ৯টায় রাজশাহীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে সিএনজি চালিত হিউম্যান হলার শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ সময় পরিবহন শ্রমিকরা ১৫টি হিউম্যান হলার ভাংচুর করে। এ ঘটনার প্রতিবাদে হিউম্যান হলার ও সিএনজি শ্রমিকরা বাস টার্মিনালে গিয়ে ৪টি বাস কাউন্টার ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুইপক্ষই ভাংচুর চালিয়েছে, তবে কোনো মামলা হয়নি বলে বোয়ালিয়া মডেল থানার ওসি আবদুস সোবহান জানান। খোঁজ নিয়ে জানা গেছে, পরিবহন মালিক-শ্রমিকদের পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচির কারণে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধর্মঘট শুরুর প্রথম দিনই চরম দুর্ভোগের মুখে পড়েছেন রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটের সাধারণ যাত্রীরা। তবে ট্রেন চলাচল করলেও অতিরিক্ত যাত্রীর চাপে টিকেট পাওয়া যাচ্ছে না। নগরীর নওদাপাড়া ও শিরোইল বাস টার্মিনাল ভদ্রা, রেলগেটসহ বিভিন্ন স্টপেজ থেকে যাত্রীরা বিকল্প যানবাহনে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। অনেককে রেলওয়ে স্টেশনে ভিড় করতে দেখা যাচ্ছে। পরিবহন ধর্মঘটের সুযোগে সিএনজি, হিউম্যান হলার, মাইক্রোবাসের ভাড়া দ্বিগুণ বাড়ানো হয়েছে। রাজশাহী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান পরিবহন ধর্মঘট অবসানের কোন সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। রংপুর থেকে ঢাকাগামী কোন বাস ছেড়ে যায়নি রংপুর প্রতিনিধি জানান, রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘটের কারণে রংপুর বিভাগ থেকে ঢাকাগামী কোন বাস ছেড়ে যায়নি। বগুড়ার উপর দিযে যানবাহন চলাচল করতে না দেয়ায় কোচগুলো বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কামারপাড়া স্ট্যান্ডে গিয়ে দেখা গেছে ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। পরিবহন ধর্মঘটে বগুড়া বিচ্ছিন্ন বগুড়া প্রতিনিধি জানান, ৬ দফা দাবিতে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন ধর্মঘট চলছে। রবিবার সকাল থেকে বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বানে শুরু হওয়া এই পরিবহন ধর্মঘটের ফলে রাজধানীসহ দেশের অন্যান্য স্থানের সঙ্গে বগুড়ার সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিভিন্ন শ্রেণীপেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।