ডিএসইতে লেনদেন আড়াইশ’ কোটি টাকার নিচে
প্রকাশ : ২৬ মে ২০১৪, ২০:২৯
আগামী অর্থ বছরের বাজেটের আগ-মুহূর্তে শেয়ারবাজারে তেমন কোনো ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে না। উপরন্তু বাজারের সূচক ও লেনদেন দিন দিন কমছে। তবে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বাড়লেও এর পরিমাণ আড়াইশ’ কোটি টাকার নিচে। আর সূচক দিনভর ওঠানামা করেও শেষ পর্যন্ত প্রায় অপরিবর্তিত ছিল।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) কিছুটা বেড়ে ৪ হাজার ৩৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬ কোটি ৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি ২৬ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারের।
এদিকে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে ঋণ সমন্বয়ের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রমের সময় ১৫ দিন বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্যারামাউন্ট টেক্সটাইলের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকেই সার্বিক দিক বিবেচনা করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সম্প্রতি বিএসইসি এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে বলে জানা গেছে। এর আগে গত ৮ এপ্রিল দুই সদস্যের একটি কমিটি গঠন করে কমিশন। কমিটিকে ৩০ দিনের মধ্যে কমিশনে এ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে প্যারামাউন্ট স্পিনিংয়ের নেওয়া ঋণ প্যারামাউন্ট টেক্সটাইলের নামে গ্রহণ করাকে সন্দেহজনক বলে মনে করছে কমিশন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিটি ব্যাখ্যা দাখিল করে কমিশনের কাছে। তবে প্যারামাউন্ট টেক্সটাইলের দাখিল করা ব্যাখ্যা বিএসইসির কাছে সন্তোষজনক মনে না হওয়ায় তদন্তের লক্ষ্যে কমিটি গঠন করা হয়।