মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নতুন একজন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মিসরে সোম ও মঙ্গলবার দু’দিনব্যাপী ভোট গ্রহণ করা হচ্ছে। এই ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির উত্তরাধিকারী নির্বাচন করা হবে। এই প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গতবছর মিশরের ইতিহাসে প্রথম অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। তারপর থেকে সেনাসমর্থিত অন্তর্বর্্তী সরকার দেশটি পরিচালনা করছে। এ নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসিকে ক্ষমতা থেকে হটানো সাবেক সেনাপ্রধান আব্দুল ফাত্তা আল সিসি সহজ জয় পাবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নির্বাচনে সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী ঝানু বামপন্থি রাজনীতিবিদ হামদিন সাবাহি। কয়েক বছর ধরে চলা অস্থিতিশীলতার অবসানে দেশবাসীর প্রতি তাকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ৫৯ বছর বয়সী সিসি। সহজ জয় না পেয়ে অন্য কোনো কিছু হলে তা বিস্ময়ের উত্স হবে বলে মন্তব্য করেছেন তিনি। গতবছর ব্যাপক গণরোষের মুখে প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে জেনারেল সিসির নেতৃত্বাধীন সেনাবাহিনী।