শপথে যোগ দেয়ার আগে ভারতীয় জেলেদের মুক্তি দিলেন নওয়াজ

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে পাকিস্তানের কারাগারে বন্দি ১৫১ জন ভারতীয় জেলেকে মুক্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এ ধরনের অনুষ্ঠানে প্রথম পাকিস্তানি নেতা হিসেবে আমন্ত্রণ পেলেন তিনি। এদিকে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শনিবার নয়াদিল্লি যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। এ লক্ষ্যে ৫৯ জন ভারতীয় জেলেকে করাচির কারাগার থেকে মুক্তি দেয়া হবে বলে পিটিআই জানিয়েছে। এছাড়া হায়দারাবাদের আরো ৯২ জন জেলেকেও সোমবার ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে। তাছাড়া আটক ৫৭টি মাছধরা নৌকাও হস্তান্তর হবে। নওয়াজের সফরের আগে দুই দেশের সম্পর্ক উন্নয়নে সদিচ্ছার প্রমাণ দিতে এমন উদ্যোগ নেয় পাকিস্তান সরকার। করাচিতে কারাগারের পরিচালক সাইয়্যেদ নাজির হোসাইন পিটিআইকে বলেন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা পেয়ে ভারতীয় বন্দিদেরকে মুক্তি দেয়া হয়েছে। এদের অধিকাংশ জেলেকেই ভুল করে পাকিস্তানি জলসীমায় অনুপ্রবেশ করার কারণে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে সব ভারতীয় জেলেকে মুক্তি দিচ্ছে শ্রীলঙ্কা। মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে নয়াদিল্লি যাওয়ার আগে শ্রীলঙ্কার কারাগারে বন্দি সব ভারতীয় জেলেকে মুক্তি দেয়ার আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেও। ওদিকে দুই দেশের এ পদক্ষেপকে অভিনন্দন জানিয়ে টুইটারে বার্তা পাঠিয়েছেন ভারতীয় হবু প্রধানমন্ত্রী।