পেরেস ও আব্বাসকে ভ্যাটিকানে আমন্ত্রণ জানালেন পোপ

ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বেথেলহেমে ইসরাইলের বিভক্তি দেয়ালে মাথা ঠুকে শান্তির জন্য প্রার্থনা করেছেন। এসময় তিনি ইসরাইলি প্রেসিডেন্ট শিমন পেরেস ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভ্যাটিকানে যাবার আমন্ত্রণ জানান। তিনি বলেন, শান্তির জন্য তাদেরকে একত্রে কাজ করতে হবে। রবিবার জর্দান থেকে হেলিকপ্টারে সরাসরি বেথেলহেমে পৌঁছানোর পর তিনি এ আমন্ত্রণ জানান। পশ্চিম তীরের বেথেলহেম নগরীর মাঞ্জার স্কোয়ারে একটি মুক্তাঙ্গন প্রার্থনা সভা শেষে পোপ বলেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রেসিডেন্ট শিমন পেরেসকে প্রার্থনায় অংশ নিতে আমি আমার আবাসস্থল ভ্যাটিকানে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানই সুসম্পর্কের মূলমন্ত্র। শান্তির জন্য এর কোন বিকল্প নেই। সমপ্রতি হামাস ও ফাতাহর মধ্যে একটি ঐক্যচুক্তি হওয়ার প্রতিক্রিয়ায় ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা ভেঙ্গে যায়। ইসরাইলের পক্ষ থেকে বলা হয়, এই চুক্তি বাতিল না করলে তারা শান্তি আলোচনায় অংশ নিবেন না। এরকম একটি পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসাবে পোপ বেথেলহেমে রয়েছেন। আশা করা হচ্ছে তার এই সফরের মধ্যদিয়ে একটা ভালো সমাধানের পথ বেরিয়ে আসবে।