সংবাদ কণিকা

দাঁত তোলার চেষ্টায় রোগীর মৃত্যু এক বসায় ৬৪ বছর বয়সী এক বৃদ্ধার ২০টি দাঁত তোলার চেষ্টা করতে গিয়ে রোগীকে মেরেই ফেলেছেন এক দন্তচিকিত্সক। ঘটনার পর ভারতীয় ওই দন্তচিকিত্সকের লাইসেন্স স্থগিত করেছে কর্তৃপক্ষ। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটেছে। দন্তচিকিত্সক রশ্মি প্যাটেল রোগী জুডিথ গানের দাঁতের চিকিত্সা করার সময় এ পদক্ষেপ নিলে জুডিথ অজ্ঞান হয়ে যান। দাঁতগুলো তোলার পর জুডিথের মাড়িতে নতুন দাঁত বসানোর কথা ছিল।—এনডিটিভি কম বয়সী নারী এভারেস্ট বিজয়ী পূর্ণা ভারতের অন্ধ্র প্রদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠির কিশোরী পূর্ণা সবচেয়ে কম বয়সী নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত শিখর এভারেস্ট জয় করার গৌরব অর্জন করেছেন। নবম শ্রেণীর এই ছাত্রীর বয়স মাত্র ১৩ বছর ১১ মাস। অন্ধ্র প্রদেশের নাজিমাবাদ জেলার এক কৃষি শ্রমিকের সন্তান পূর্ণা। সরকার পরিচালিত একটি সমাজকল্যাণমূলক স্কুলে পড়াশোনা করেন তিনি। থাকেন স্কুলের হোস্টেলেই।—এনডিটিভি হত্যাকারীর নাম রজার ক্যালিফোর্নিয়ার ইসলা ভিস্তায় ছয়জনকে হত্যাকাণ্ডে জড়িত যুবকের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। সান্তা বারবারার পুলিশ জানিয়েছে, ঐ যুবকের নাম ইলিয়ট রজার (২২)। তিনি হলিউড চিত্রনির্মাতা পিটার রজারের ছেলে। সাংবাদিক সম্মেলনে পুলিশ জানিয়েছে, ২৩ মে একটি কালো রঙের বিএমডব্লিউ নিয়ে ইসলা ভিস্তায় এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে রজার। এসময় পুলিশের সাথে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পরে গাড়ির ভেতর মাথায় গুলিবিদ্ধ অবস্থায় রজারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সান্তা বারবারা কান্ট্রি শেরিফ বিল ব্রাউন বলেন, ছয় জনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন রজার। হত্যাকাণ্ডে ব্যবহূত সকল অস্ত্র ইলিয়ট রজারের নামে নিবন্ধিত।—বিবিসি দক্ষিণ কোরিয়ায় অগ্নিকাণ্ডে ৭ জন নিহত দক্ষিণ কোরিয়ায় একটি বাস স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২০ জন। ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা। দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকালে রাজধানী সিউলের উত্তর-পশ্চিমাঞ্চলের গোয়াং শহরে এ দুর্ঘটনা ঘটে। একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে দমকল বাহিনীর লোকজন ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।—বিবিসি