কাওড়াকান্দিতে দু’শতাধিক যানবাহন আটকা
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৬ মে ২০১৪, ২১:৪৭
দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ কাওড়াকান্দি-মাওয়ায় গত কয়েকদিন ধরে বেড়েই চলেছে যানবাহনের সংখ্যা। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে পণ্যবোঝাই যানবাহনগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য এসে ভিড়ছে শিবচরের কাওড়াকান্দি ঘাটে। দুই শতাধিক পণ্যবাহী যানবাহন ঐ ঘাটে আটকা পড়েছে। স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে যানবাহন আসতে থাকায় যানজটের মাত্রা বেড়েছে বলে জানান বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্র। ফেরি পারাপারের তুলনায় গাড়ির সংখ্যা প্রতিঘণ্টায় বেড়ে যাওয়ায় গাড়ির জটলা বেড়েই চলেছে।
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্র জানিয়েছে, এই নৌরুটে চলাচলরত ১৭টি ফেরির মধ্যে এখন ১৬টি ফেরি চলাচল করছে। ১টি ফেরির ইঞ্জিন বিকল থাকায় মেরামতের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। একটি ফেরির সংকটও এখন যানজট কমিয়ে আনতে না পারার পেছনে কিছুটা কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র জানায়, পদ্মায় গত কয়েকদিন ধরে পানি বেড়ে চলেছে। আর পানি বৃদ্ধির সাথে বাড়ছে স্রোত। ফলে ফেরিগুলোকে স্রোতের বিপরীতে বেশি সময় নিয়ে পদ্মা পার হতে হচ্ছে। এতে করে সময় বেশি লাগছে। কিন্তু ট্রিপ কমে গেছে। ফলে যানবাহনের জটলা কমছে না।
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক শাহনেওয়াজ চৌধুরী আরো জানান, যানজট দ্রুত কমে আসবে। ফেরিগুলো পুরোদমে যানবাহন পারাপার করে যাচ্ছে। দুই/এক দিনের মধ্যেই কমে যাবে গাড়ির সংখ্যা। গত এক সপ্তাহ আগেও দক্ষিণাঞ্চল থেকে তেমন একটা পরিবহন আসেনি। কিন্তু তিনদিন হলো পণ্যবাহী যানবাহন শুধু আসছেই। এতে করেই যানজটের মাত্রা বেড়েছে।’