হোমনায় মোমবাতি জ্বালিয়ে এইচএসসি পরীক্ষা

হোমনা ডিগ্রি কলেজ কেন্দ্রে হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। রবিবার সমাজ কল্যাণ ১ম পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে বৃষ্টির কারণে পরীক্ষা কক্ষে অন্ধকার থাকায় এ অবস্থার সৃষ্টি হয়। শিক্ষার্থী মাধবী রানী, আফরোজ নাহারসহ অন্যরা জানান, বেলা পৌনে দুইটার দিকে তারা পরীক্ষা কক্ষে প্রবেশ করে অন্ধকার দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করলে মোমবাতির ব্যবস্থা করেন। শিক্ষার্থীদের অভিযোগ, মোমবাতি জ্বালিয়ে কোন রকম পরীক্ষা শেষ করতে পারলেও সারাক্ষণ গায়ে ও পরীক্ষার খাতায় আগুন লাগতে পারে এমন আশংঙ্কায় ভুগছিলেন তারা। পরীক্ষার্থীরা পরবর্তী পরীক্ষাগুলোতে কক্ষে বিদ্যুত্ অথবা চার্জ লাইটের ব্যবস্থা করার অনুরোধ জানান। পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক মো. ফরিদ মিয়া জানান, পরীক্ষা কক্ষে অন্ধকার থাকায় তাত্ক্ষণিক মোমবাতির ব্যবস্থা করেছি। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মো. কামাল হোসেন জানান, কিছু কক্ষে বিদ্যুতের ব্যবস্থা থাকলেও পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যুত্ না থাকায় মোমবাতি জ্বালাতে হয়েছে।