সালথার দুই ইউপির উপ-নির্বাচন আজ

আজ মঙ্গলবার ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউপি পরিষদ ও রামকান্তপুর ইউপি ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুটি উপ-নির্বাচনে পুলিশের কড়া নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বশাক। এদিকে বিএনপি সমর্থিত ভাওয়াল ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. এনায়েত হোসেন অভিযোগ করে জানান, ভোটারদের মনে আতংক সৃষ্টি করার জন্য পুলিশ আমার চাচা আবু বক্কারকে রবিবার রাতে তার নিজ বাড়ি থেকে আটক করেছে। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোতা মিয়া জানান, নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আবু বক্কারকে আটক করা হয়েছে। ভাওয়াল ইউপিতে মাত্র দুজন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ভাওয়াল ইউপি আওয়ামী লীগের সভাপতি আঃ ওহাব মাতুব্বর (আনারস) প্রতীক ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা মো. এনায়েত হোসেন (মোটর সাইকেল) প্রতীক। এ ইউনিয়নে মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যদিকে রাকান্তপুর ইউনিয়নের ১টি ওয়ার্ডে ইউপি সদস্যপদে মাত্র দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ভাওয়াল ইউপি সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়ায় ওই ইউপির চেয়ারম্যান পদ শূন্য হয়। পিনজুরী ইউপির উপ-নির্বাচন কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিনজুরী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন আজ মঙ্গলবার। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন পিনজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ছাইদ সিকদার (আনারস), সাবেক চেয়ারম্যান মাহামুদ-উল-হক শিকদার (তালা), শিক্ষক এসএম মিজানুর রহমান (চশমা), মোহাম্মদ কবীরুল ইসলাম (দোয়াত-কলম)। উল্লেখ্য, পিনজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই ইউনিয়নে চেয়ারম্যান পদটি শূন্য হয়।