শ্রেণিকক্ষের অভাব বিদ্যালয় মাঠে পাঠদান

১৯৬৭ সালে স্থাপিত কুষ্টিয়া মিরপুরের ঐতিহ্যবাহী চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে। দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে বিদ্যালয়টি বিভিন্ন সীমাবদ্ধতাকে অতিক্রম করে বর্তমানে উপজেলার মধ্যে অন্যতম সেরা বিদ্যাপীঠে স্থান করে নিয়েছে। শিক্ষাক্ষেত্রে প্রত্যাশার বেশি ফলাফল করার কারণে বিদ্যালয়টির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। যার কারণে প্রতিবছর ছাত্র-ছাত্রীর সংখ্যা আশানুরূপ বৃদ্ধি পাচ্ছে। ফলে পূর্বে চালুকৃত মানবিক, বিজ্ঞান, কৃষি বিভাগের সাথে যোগ হয়েছে আই.সি.টি শিক্ষা এবং বর্তমান বিশ্বের চাহিদার পরিপ্রেক্ষিতে চালু করা হয়েছে ভোকেশনাল শাখা, পাঁচটি অতিরিক্ত শ্রেণি শাখা ও বাণিজ্যশাখা। বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থার কারণে বর্তমানে শিক্ষার্থীদের আম গাছের নিচে খোলা মাঠে পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির সকল দিক পর্যালোচনা করে শ্রেণিকক্ষের অভাব দূরীকরণের জন্য সরকার এবং দেশের শিক্ষানুরাগী সম্পদশালী ব্যক্তিদের সুদৃষ্টি কামনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ ।