লাশ হয়ে ফিরলো প্রবাসী ইমদাদুল

ভাগ্য বদলের আশায় মালয়েশিয়া যাওয়া কলারোয়ার মেধাবী ছাত্র ইমদাদুল হক অবশেষে লাশ হয়ে দেশে ফিরলো। কলারোয়ার বৈদ্যপুর গ্রামের মৌলবী মোস্তাজুল ইসলামের একমাত্র ছেলে ইমদাদুল (১৮) গত ২০১২ সালের এসএসসি পরীক্ষা পাসের ফলাফলে জিপিএ-৫ পেয়েছিল। জমি বিক্রি করা টাকা দিয়ে তাকে ভাগ্য বদলের আশায় মালয়েশিয়ায় পাঠানো হয়। সংসারের দারিদ্র্য ঘোচাতে গত ৯ মাস আগে সে মালয়েশিয়ায় যায়। মালয়েশিয়ায় সে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো। নিহতের বাবা মৌলবী মোস্তাজুল ইসলাম জানান, গত ২১ মে নির্মাণাধীন বহুতল একটি ভবনের ২৫ তলার উপর থেকে অসাবধানতাবশত ইমদাদুল পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। গতকাল রবিবার সকালে হতভাগ্য ইমদাদুলের মৃতদেহ নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে সেখানে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।