মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল তিন বন্ধুর

মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার থেকে তিন বন্ধু মিলে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মিরসরাই উপজেলা সদরে। গন্তব্য থেকে সামান্য দূরে ডাকবাংলো এলাকায় দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। বেপরোয়া গতির ওই বাইকটিকে আর নিয়ন্ত্রণে রাখা গেলো না। ট্রাকের পেছন দিয়ে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা গেলো দুইজন। বাকি একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। নির্মম মৃত্যুর শিকার তিন বন্ধু হলেন মো. রাকিব হোসেন (১৯), মো. তারেক হোসেন (১৯) এবং রিফাত হোসেন (২০)। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।

 নিহত রাকিব উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের তাকিয়া পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে, তারেক  একই গ্রামের মো. শফিউল আলমের ছেলে এবং রিফাত  ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার আন্দারমানিক গ্রামের মো. মাহবুবুল হকের ছেলে।

জানা গেছে, হতাহতদের তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। এদের মধ্যে আহত তারেক স্থানীয় মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র। নিহত রিফাত স্থানীয় বড়তাকিয়া বাজার এলাকায় মোটর গ্যারেজে চাকরি করতেন। নিহত রাকিব কি করতেন তা জানা যায়নি।

তিন বন্ধুর মৃত্যুতে বড়তাকিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার সকাল সাড়ে ৯টায় বড়তাকিয়ায় মসজিদ প্রাঙ্গণে তারেক ও রাকিবের একসাথে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রিফাতের লাশ তার বাড়ি ছাগলনাইয়া উপজেলার আন্দারমানিক এলাকায় নিয়ে যাওয়া হয়।