বারাকা পতেঙ্গা পাওয়ার জাতীয় গ্রিডে দিচ্ছে ৫০ মেগাওয়াট বিদ্যুত্
প্রকাশ : ২৬ মে ২০১৪, ২২:৩৪
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের অধিবাসীদের অর্থায়নের প্রতিষ্ঠিত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড গত ৪ মে থেকে জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে ৫০ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করছে। বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড গত ২১ মে এক চিঠিতে বাণিজ্যিকভাবে উত্পাদন ও জাতীয় গ্রিডে ৫০ দশমিক ৮১৫ মেগাওয়াট বিদ্যুত্ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে। ১৫ বছর মেয়াদী এই বিদ্যুত্ কেন্দ্রটি পরীক্ষামূলক পরিচালনা শেষে সফলভাবে উত্পাদনে গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটির নির্মাণ ব্যয় হয়েছে সাড়ে ৩ শ কোটি টাকা। নতুন এই কেন্দ্রটি চালু হওয়ায় বর্তমানে বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিক্স লিমিটেডের বিদ্যুত্ উত্পাদন ক্ষমতা ১শ মেগাওয়াট অতিক্রম করলো।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটিতে বিশ্বব্যাংকের অর্থায়নসহ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে কোন বিদ্যুত্ কেন্দ্রে পরিবেশ সুরক্ষায় এ ধরনের প্রযুক্তি এই প্রথম। এই কেন্দ্রে তেল ব্যবহার না করেও স্টিম টারবাইনের মাধ্যমে অতিরিক্ত ৩ দশমিক ৩ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের জন্য বিদ্যুত্ কেন্দ্র কো-জেনারেশন সুবিধা রাখা হয়েছে। যার ফলে ফার্নেস ওয়েল আমদানিতে চাপ কমবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে বলে জানান বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চৌধুরী।