বৈদেশিক সাহায্যের ছাড় বেড়েছে, কমেছে প্রতিশ্রুতি
প্রকাশ : ২৬ মে ২০১৪, ২৩:০৩
চলতি অর্থ বছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) উন্নয়ন সহযোগীরা প্রায় ২৩৭ কোটি ডলার সহায়তা ছাড় করেছে। যা ২০১২-১৩ অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন ত্বরান্বিত হওয়ায় বৈদেশিক সহায়তা ছাড় ইতিবাচক ধারায় ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন। তবে বৈদেশিক সহায়তার ছাড় বাড়লেও প্রতিশ্রুতির পরিমাণ কাঙ্ক্ষিত হারে বাড়ছে না।
চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত প্রায় ৫৬২ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা। এবার ৬০০ কোটি ডলারের প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা যায়, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করছেন এবং শিগগিরই চীন সফর করবেন। এই দুই গুরুত্বপূর্ণ দেশ সফরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বড় আকারের সহায়তার প্রতিশ্রুতি পাওয়া যাবে। ফলে সহায়তার প্রতিশ্রুতি লক্ষ্যমাত্রার প্রায় কাছাকাছি চলে আসবে।
ইআরডি সূত্রে আরো জানা যায়, চলতি ২০১৩-১৪ অর্থ বছরের এপ্রিল পর্যন্ত সর্বমোট ২৩৬ কোটি ৯৫ লাখ ডলার বৈদেশিক সহায়তার অর্থ ছাড় হয়েছে। এর মধ্যে ঋণ আকারে পাওয়া গেছে ১৭৪ কোটি ৩৯ লাখ ডলার, আর বাকী ৬২ কোটি ৫৬ লাখ ডলার এসেছে অনুদান হিসেবে। বিগত অর্থ বছরের এপ্রিল পর্যন্ত ২০২ কোটি ৪১ লাখ ডলার ছাড় হয়েছিল। উল্লেখিত সময়কালে উন্নয়ন সহযোগীদের পাওনা থেকে অর্থ পরিশোধের পরিমাণও এবার কিছুটা কমেছে। গত অর্থ বছরের এপ্রিল পর্যন্ত দশ মাসে সুদ ও আসল মিলে দাতাদের অনুকূলে মোট ৯৭ কোটি ৮২ লাখ ডলার পরিশোধ করা হলেও চলতি অর্থ বছরের একই সময় পর্যন্ত পরিশোধ করতে হয়েছে ৯৬ কোটি ৩৮ লাখ ডলার।
অর্থ ছাড়ের চিত্রে দেখা যায়, সর্বোচ্চ ৫০ কোটি ৮৯ লাখ ডলার ছাড় করেছে বিশ্বব্যাংক। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ কোটি ৭৪ লাখ ডলার ছাড় করেছে চীন। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ছাড় করেছে ৩৯ কোটি ৭১ লাখ ডলার। জাইকা ছাড় করেছে ৩৪ কোটি ৮৬ লাখ ডলার, জাতিসংঘের সকল সংস্থা মিলে ছাড় করেছে ১১ কোটি ৪৫ লাখ ডলার এবং ভারত ছাড় করেছে ৯ কোটি ৫৩ লাখ ডলার।