ইউএনও’র বাড়িতে নিমন্ত্রণ তাই—

সরকারি কোন ছুটি নেই, তবু উপজেলার বিভিন্ন সরকারি অফিস কক্ষে ঝুলছে তালা! গতকাল সোমবার দিনভর এই চিত্র দেখা গেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলমের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানের দাওয়াত ছিল গতকাল। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা সব অফিস বন্ধ করে সেখানে দাওয়াত খেতে গিয়েছেন। এতে জরুরি কাজ নিয়ে দূর-দূরান্ত থেকে আসা লোকজন চরম দুর্ভোগে পড়েন। তারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দাওয়াতে না যাওয়া এক কর্মচারী বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার গতকাল বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মচারীদের ডেকে এনে অফিস বন্ধ করে তার গ্রামের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার নির্দেশ দেন। এতে বাধ্য হয়ে অফিসার ও কর্মচারীরা হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েই অফিসে তালা ঝুলিয়ে দাওয়াতে চলে যান।’ ভাটরা ইউপির নলচরা গ্রামের জসিম উদ্দিন মিজি বলেন, একটি ফরমের জন্য আমি সকাল ১০টায় উপজেলা পরিষদে উপস্থিত হই। বেলা ৩টা পর্যন্ত কোন অফিসার তো দূরের কথা, অফিস পর্যন্ত খোলা পাইনি। এছাড়া ভূমি, সমাজসেবা, জনস্বাস্থ্য প্রকৌশল, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসে আসা লোকজনও অফিসে তালা দেখে হতাশ হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান, সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে থেকেও তারা কোন অফিস খোলা পাননি। এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি পাশ কাটিয়ে এই প্রতিনিধিকে বলেন, আগামীকাল (মঙ্গলবার) অফিসে আসলে দেখা করবেন।