যশোর সদর যুবলীগের সম্পাদক গুলিবিদ্ধ
প্রকাশ : ২৬ মে ২০১৪, ২৩:০৫
যশোরে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে (৩৮) প্রতিপক্ষ গ্রুপ গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে। রবিবার রাতে উপজেলার রাজারহাট চামড়ার বাজারে রুস্তম আলীর আড়তের সামনে এ হামলার ঘটনা ঘটে। রাতেই গুরুতর অবস্থায় আলমগীরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা আওয়ামী লীগের সাবেক এমপি টিটো ও তার ছেলে জয়ের পক্ষের লোকজন বলে রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জবানবন্দিতে উল্লেখ করেছেন আহত আলমগীর। সোমবার সকালে তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকার অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সে রাজারহাট এলাকার হাজী আজগর আলীর ছেলে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সমর্থক।
এ ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। রাজারহাট চামড়ার বাজারের আড়তদার রুস্তম আলী জানান, রাত সাড়ে ৯টার দিকে তার আড়তের সামনে বসেছিলেন আলমগীর। এ সময় পার্শ্ববর্তী আকবর মার্কেটের ভেতর থেকে ৮-১০ দুর্বৃত্ত সেখানে এসে অন্তত ১০টি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে কাছ থেকে আলমগীরকে গুলি করে। তার গলা, বুক ও পেটে ৩টি গুলি বিদ্ধ হয়েছে।