রাবিতে শিবিরের হামলায় ৩ পুলিশ আহত, আটক ২
প্রকাশ : ২৬ মে ২০১৪, ২৩:০৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চৌদ্দপাই এলাকায় শিবিরের ককটেল হামলায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে পুলিশ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল আহম্মেদ ওরফে আফজাল এবং বাবু নামে অপর এক কর্মীকে আটক করতে গেলে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক মাসুদ রানা, কনস্টেবল রাকিব হোসেন ও শাহীনুর রহমান। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। আটকের সময় গুলিবিদ্ধ হন আফজাল। তিনি পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। শিবির নেতা আফজালের বিরুদ্ধে দুই ছাত্রলীগ নেতার রগকাটাসহ মতিহার থানায় ১৮টি মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী বাবুর বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে বলে মতিহার থানা সূত্রে জানা গেছে।