র্যাব ব্যবহার হচ্ছে বিএনপি নেতাদের গুম করার কাজে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের শাসনামলে র্যাব গঠন করা হয়েছিল সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের জন্য। এখন র্যাব ব্যবহার হচ্ছে বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাদের গুম করার কাজে। তিনি আবারও র্যাব বিলুপ্তির দাবি জানান। তিনি বলেন, এতদিন বিএনপির নেতাকর্মীদের মেরেছে, এখন নিজেরাই নিজেদের মারছে। নারায়ণগঞ্জে এক আওয়ামী লীগ নেতা ৬ কোটি টাকা দিয়ে র্যাবকে ভাড়া করেছে দলের অন্য নেতাকে মারার জন্য। নিহত কাউন্সিলর নজরুলের শ্বশুর এসব তথ্য ফাঁস করে দিয়েছেন। সোমবার খুলনার মহারাজ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন নজরুল ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালক আবদুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য এম নুরুল ইসলাম, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তুজা, ডা. গাজী আবদুল হক, সেকেন্দার আলী ডালিম, নার্গিস আলী, গাজী আবদুল বারী প্রমুখ।