গাড়ি ভাংচুরের মামলায় খন্দকার মাহবুবকে হাজিরা থেকে অব্যাহতি

গাড়ি ভাংচুরের একটি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে অব্যাহতি দিয়েছে আদালত। অভিযোগপত্র দাখিলের আগ পর্যন্ত আইনজীবীর মাধ্যমে তিনি আদালতে হাজিরা দিবেন। গতকাল সোমবার খন্দকার মাহবুব আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে ফৌজদারী কার্যবিধির ২০৫ ধারায় এ আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত আবেদন মঞ্জুর করেন। পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাংচুরের অভিযোগে গত ১৪ জানুয়ারি রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করে পুলিশ। মামলাটি বর্তমানে তদন্তাধীন। খন্দকার মাহবুবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও মাসুদ রানা।