বেসিক ব্যাংকের তিন শাখায় ঋণদান বন্ধ

রাষ্ট্রীয় মালিকানার বিশেষায়িত বেসিক ব্যাংকের গুলশান, শান্তিনগর ও দিলকুশা শাখায় অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার ঋণ বিতরণ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মাহাফুজুর রহমান এ বিষয়ে বলেন, এ তিন শাখায় ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ঋণ জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এ কারণে এসব শাখায় অনির্দিষ্টকালের জন্য ঋণ বিতরণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এ তিন শাখায় অনিয়ম-দুর্নীতি ও ঋণ জালিয়াতির কারণেই গত রবিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামকে অপসারণ করা হয়েছে। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে।