তিন দেশ সফরের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড—এই তিন দেশ সফরে আগামীকাল মঙ্গলবার ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানে দ্বিপাক্ষিক সফর ও সৌদি আরবে ইসলামী সম্মেলন সংস্থা-ওআইসির শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ফিনল্যান্ড সফরকালে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে প্রধানমন্ত্রীর। তিন দেশ সফরশেষে তিনি ৮ জুন দেশে ফিরবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল রবিবার বিকালে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর আসন্ন তিন দেশ সফর সম্পর্কে অবহিত করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৮ থেকে ৩০ মে জাপান সফরকালে প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এতে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমন্বিত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়েছে। জাপান বর্তমানে পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তিধর দেশ ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। যোগাযোগ, বিদ্যুত্ ও জ্বালানি খাত, শিল্পায়ন প্রক্রিয়ায় জাপানের সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে। জাপান বর্তমানে বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান উত্স দেশ। প্রধানমন্ত্রীর জাপান সফরকালে দুই দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলার সমমূল্যের পাঁচটি আর্থিক সহায়তা চুক্তি (৪০তম ওডিএ) সই হবে যা গতবছরের ওডিএ সহায়তার তুলনায় ৩৫ শতাংশ বেশি। পাঁচটি চুক্তি হচ্ছে—মাতারবাড়ি বন্দর উন্নয়ন, ঢাকা মাস রেপিড ট্রানজিট ডেভেলপমেন্ট, বিদেশি বিনিয়োগ উন্নয়ন, জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ উন্নয়ন ও মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুত্ প্রকল্প।

জাপান সফরকালে শেখ হাসিনা খ্যাতিমান মিডিয়া সংগঠন নিক্কেই আয়োজিত ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এই সম্মেলনে যোগ দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যার সমাধানে জাপানের সহায়তার জন্য অনুরোধ জানাবেন।

জাপানে প্রধানন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে অর্থমন্ত্রী, বেসরকারি ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা রয়েছেন। এছাড়া শীর্ষ ব্যবসায়ীদের সমন্বয়ে ৪৫ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছেন।

জাপান সফরশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ মে সৌদি আরব যাবেন। এদিন পবিত্র মক্কা নগরীতে ওআইসির চতুর্দশ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ওআইসির সদস্য রাষ্ট্র, পর্যবেক্ষক, প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার মোট ১৪৮টি প্রতিনিধি দল যোগ দেবে। ওআইসির এই সম্মেলন পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়াতে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু গাম্বিয়া এবার সম্মেলন আয়োজনে অপারগতা প্রকাশ করায় মক্কায় এ সম্মেলন হচ্ছে। সম্মেলনে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের আইনি অধিকার প্রতিষ্ঠায় মামলা করার ব্যাপারে অগ্রগতি হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। ওআইসি সম্মেলনে মুসলিম বিশ্বে বিরল প্রশংসার অধিকারী একমাত্র নারী সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন। ওআইসিতে এশিয়া গ্রুপ থেকেও উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্য মুসিলম বিশ্ব গভীর আগ্রহ নিয়ে অবলোকন ও পর্যালোচনা করবে। ওআইসি সম্মেলন শেষে প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করবেন। ২ জুন মদিনা যাবেন এবং সেখানে হজরত মুহম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রী ৩ জুন জেদ্দা থেকে ফিনল্যান্ড রওনা হবেন। দেশটির রাজধানী হেলসিংকি একই দিন দুপুরে পৌঁছবেন। পরদিন ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে তার বাসভবনে সাক্ষাত্ করবেন। ৭ জুন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ৮ জুন ঢাকা ফেরার পথে নয়াদিল্লিতে যাত্রাবিরতি করবেন। সন্ধ্যায় ঢাকা পৌঁছার কথা।