ঢা কা বি শ্ব বি দ্যা ল য়................
তিন দিনের তাঁবুবাস
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২০:০৪
দীক্ষা গ্রহণের মাধ্যমে একজন সহচর স্কাউটিং আন্দোলনের সাথে আনুষ্ঠানিক ভাবে যুক্ত হয়। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ গত ৮-১০ মে ২০১৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আয়োজন করে বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান। ৮ মে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ। ১০ মে সমাপনী অনুষ্ঠানে গ্রুপের সম্পাদক অধ্যাপক মো: রমজুল হকের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) ও গ্রুপের সভাপতি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহচরদের দীক্ষা প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমে অনুপ্রাণিত করে। তাই শিক্ষার্থীদের একাডেমিক পড়াশুনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত। ১৯৬৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ যে নানাবিধ সমাজসেবা ও আত্মোন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তা দেশে-বিদেশে বহুল প্রশংসিত হচ্ছে’। তিনি আরো বলেন, ‘রোভারিং একজন মানুষকে আদর্শ মানুষে পরিণত করে। তাই রোভারিং-এর শিক্ষা নিজের মধ্যে ধারণ করতে আরো সচেষ্ট হতে হবে’। তিন দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে শতাধিক রোভার এবং গার্ল ইন রোভার স্কাউটিং বিষয়ক নানাবিধ প্রশিক্ষণ কর্মশালা, ক্যাম্পিং, হাইকিং, কিমস গেমস ও তাঁবু জলসায় অংশগ্রহণ করে। দীক্ষাপ্রাপ্ত একজন রোভার বলেন, ‘দীক্ষা গ্রহণ এবং তাঁবুবাসের মাধ্যমে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি’। পুরো অনুষ্ঠান সমন্বয় সাধন করেন সিনিয়র রোভারমেট সোহেল রানা, আল শাহরিয়ার রোকন, জাফরিনা হক বর্ণা, নুর মোহাম্মদ ও মোঃ শহিদুজ্জামান।