তোমাদের চিঠি পেলাম

মুহাম্মদ আব্দুল আলীম সদস্য নম্বর: ৯৭৭ পারচৌকা, শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। আলীম, তোমার ‘আমরা দুর্বার সৈনিক’ কবিতাটি যথাসময়ে পেয়েছি। কবিতাটির কথাগুলো বড়দের উপযোগী হয়েছে। আর ছবির সংগে পৃথিবীর মিল কি সঠিক হলো? তুমি অন্য লেখা পাঠাও। সায়মা রায়হান পৌষী সদস্য নম্বর: ৩০৫ বিয়াম ল্যাব. স্কুল ও কলেজ, বগুড়া। তোমার পাঠানো আঁকা ছবিটি সুন্দর হয়েছে। এটি ছাপার জন্য বিবেচনাধীন রইলো। তুমি নিয়মিত কচি-কাঁচার আসর পড়বে। আরো ছবি পাঠাও। রোমা ইসলাম বনগ্রাম, উথুরী ময়মনসিংহ। তোমার ‘দেশের কথা’ পেয়েছি। ছড়াটি মন্দ হয়নি। ভালো লিখতে চাইলে নামজাদা লিখিয়েদের বই পড়তে হবে। তুমি নিয়মিত আসর পড়ো। ছড়াটির শেষাংশ এখানে ছাপা হলো: আমার দেশের বাঁকা পথে যখন আমি চলি, দেশের কথা মায়ের কথা মনে মনে বলি। নিরঞ্জন চন্দ্র নিরু অন্নদা নগর, পীরগাছা রংপুর। মোহনাকে নিয়ে ছড়াটি মন্দ হয়নি। কচি-কাঁচার আসরে নামের ছড়া সাধারণ ছাপা হয় না। তুমি অন্য লেখা পাঠাও। অবশ্যই ছাপা হবে। মো. বিপ্লব সেন বেলকুচি, সিরাজগঞ্জ। ‘পাহাড়ী ফুল’ পেয়েছি। কবিতাটিতে মিলের ত্রুটি নেই, কিন্তু ছন্দে গড়মিল। তুমি নিয়মিত আসরে প্রকাশিত ছড়া-কবিতা ও বিখ্যাত লেখকদের ছড়া-কবিতার বই পড়ো। শেখ মো. শরীফ সদস্য নম্বর :১৮৭৫ গার্ডেন রোড, ঢাকা তোমার পাঠানো ‘বিদ্রোহী এককবি’ আজ পেলাম। কচি-কাঁচার আসরের নজরুল সংখ্যা গত বুধবার প্রকাশিত হয়েছে। কারো স্মরণে কিংবা উপলক্ষে কোনো লেখা অবশ্যই একমাস আগে পাঠাতে হয়। তোমার এবারের পাঠানো লেখাটি সুন্দর হয়েছে। এটি রেখে দিলাম।