মোদীর মন্ত্রিসভায় এক চতুর্থাংশ নারী
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২১:৪৮
ছয়জন নারীকে নিয়ে ভারতে নতুন সরকারের যাত্রা শুরু করেছেন নরেন্দ্র মোদী, যারা মন্ত্রিসভার পূর্ণ সদস্যের এক-চতুর্থাংশ। ৬৩ বছর বয়সি মোদীর নতুন মন্ত্রিসভায় যে ৪৫ জন সোমবার শপথ নিয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বয়ঃজ্যেষ্ঠ এবং সর্বকনিষ্ঠ দু’জনই নারী। ৫৪৫ আসনের লোকসভায় বর্তমানে নারীদের হার ১১ শতাংশ, আর ২৪ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ছয়জনই নারী। নারী মন্ত্রীরা হলেন- সুষমা স্বরাজ, মানেকা গান্ধী, নাজমা হেফতুল্লাহ, উমা ভারতী, হরসিমরাত কাউর বাদল ও স্মৃতি ইরানি। বিজেপির শীর্ষ নেতাদের অন্যতম সুষমা পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সক্রিয় বিজেপি নেত্রী উমার ওপর ভার পানিসম্পদ মন্ত্রণালয় সামলানো। ইন্দিরা গান্ধীর পুত্রবধূ, প্রয়াত সঞ্জয় গান্ধীর স্ত্রী মানেকা মন্ত্রী হিসেবে শপথ নেয়ায় অকংগ্রেসীয় সরকারেও থেকে যাচ্ছে গান্ধী পরিবারের চিহ্ন। মন্ত্রিসভার বয়ঃজ্যেষ্ঠ সদস্য হলেন ৭৪ বছর বয়সি নাজমা হেফতুল্লাহ ও মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে যিনি স্থান পেয়েছেন, সেই স্মৃতি ইরানি।