নিখোঁজ মালয়েশীয় বিমান অনুসন্ধানের তথ্য প্রকাশ
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২১:৪৮
মালয়েশিয়া এয়ারলাইনের নিখোঁজ বিমান এমএইচ৩৭০-এর গতিপথ নির্ধারণ করতে যে সকল তথ্য ব্যবহার করা হয়েছে তা প্রকাশ করেছে মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা ও ব্রিটিশ স্যাটেলাইট ফার্ম ইনমারসাত। বিমানটির নিখোঁজ আরোহীদের আত্মীয়-স্বজনের দাবির মুখে মঙ্গলবার এসব তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার তারা জানিয়েছেন, ইনমারসাত ও মালয়েশীয় কর্মকর্তাদের প্রস্তুতকৃত তথ্যের প্রতিবেদন তারা পেয়েছেন এবং সেগুলো তারা নিজেদের ফেইসবুক পৃষ্ঠায় প্রকাশ করেছেন।
গত সপ্তাহে ইনমারসাত জানিয়েছিল, নিখোঁজ বিমান থেকে স্যাটেলাইটের (কৃত্রিম উপগ্রহ) মাধ্যমে পাওয়া সাত জোড়া নাম্বারের ১৪টি তথ্য ব্যবহার করে বিমানটির গতিপথ নির্ধারণ করা হয়েছে। ঐ সাত জোড়া নাম্বারের একটিতে ছিল সময় সম্পর্কে তথ্য ও অন্যটিতে ফ্রিকোয়েন্সি সম্পর্কে তথ্য।
মার্চের ৮ তারিখ রাতে কুয়ালালামপুর ও বেইজিংয়ের নিয়মিত ফ্লাইট কর্মসূচির অংশ হিসাবে ২৩৯ জন আরোহীসহ বিমানটি মালয়েশিয়া থেকে রওনা হয়েছিল। কিন্তু রওনা হওয়ার এক ঘণ্টা পরই বিমানটি রহস্যজনকভাবে মধ্যাকাশ থেকে হারিয়ে যায়।