হবিগঞ্জে ছাত্রদল যুবদল ও শিবিরের ১১ নেতা জেলে

হবিগঞ্জে বিস্ফোরক মামলায় জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রশিবির সভাপতিসহ ১১ জনের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোঃ মাহবুবুল আলমের আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। আসামিরা হলেন, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, পৌর যুবদল সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম সাজন, জেলা ছাত্রশিবির সভাপতি খলিলুর রহমান, জামায়াত কর্মী আমজাদ হোসেন মনি, পৌর কৃষকদল সাধারণ সম্পাদক সফিকুর আলম, ছাত্রদল কর্মী মাহবুর রহমান, রবিউল আলম, হাবিবুর রহমান পাপ্পু, শিপন, মামুনুর রশিদ মামুন। এ ঘটনায় হবিগঞ্জ সদর থানার এসআই ইকবাল বাহার বাদী হয়ে ৩১ অক্টোবর দ্রুতবিচার আইনে যুবদল, ছাত্রদল ও শিবিরের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।