পৃথক ঘটনায় নিহত ৯ আহত ৬ জন
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২২:৪৫
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নয় জন নিহত ছয় জন আহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায়
নিহত চার আহত ৫
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তার নাম মো. ওসমান(৪০)। তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। নিহতদের মধ্যে ৩ জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান। সোমবার রাতে সৈয়দপুর শহরের সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এ দুর্ঘটনার খবর পেয়ে রাতে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ মো. শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত, সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এন এম সাজেদুর রহমান দুর্ঘটনাস্থলে ও হাসপাতালে যান। তারা নিহত ও আহতদের ব্যাপারে খোঁজ-খবর নেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সহিদার রহমান জানান, রাতেই নিহতদের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। পরে রাতেই পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
বাঞ্ছারামপুরে সড়ক
দুর্ঘটনায় নিহত-১
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা রাধানগর গ্রামে সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (৩০) নামক এক যুবক নিহত হয়েছে । নসিমন চালক রুবেল মিয়া তার নসিমনটি বিকল হওয়ার কারণে রাস্তার পার্শ্বে বসে নিজেই মেরামত করার সময় পেছন থেকে অন্য একটি নসিমন গাড়ি ধাক্কা দিলে রুবেল আহত হয় । তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় মারা যায় ।
গাইবান্ধায় আগুনে পুড়ে
গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদীর চরাঞ্চল এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি গ্রামে সোমবার রাতে আগুনে পুড়ে কাজলী বেগম (৫৫) নামে এক অন্ধ গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে তার বাড়ির দু’টি খড়ের ঘর, একটি গাভী ও ঘরে থাকা মালামাল পুড়ে যায়। নিহত কাজলী বেগম ওই গ্রামের মৃত. কদম আলীর স্ত্রী। বাড়ির রান্না ঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়। ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এনিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ভাঙ্গায় পানিতে
ডুবে শিশুর মৃত্যু
উপজেলার কালামৃধা ইউনিয়নের সোনামুখীরচর গ্রামে গতকাল মঙ্গলবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মত্স্য ব্যবসায়ী দীলিপ মালোর ছেলে অভি মালো (৫) সবার অজান্তে বাড়ির পাশে খালের পানিতে পড়ে যায়। অভিকে খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে এলাকার লোকজন খালের ভেতর থেকে তার মৃত দেহ উদ্ধার করে।
তালায় বজ্রপাতে পিতা
নিহত পুত্র আহত
সাতক্ষীরা তালায় বজ্রপাতে আফছার আলী (৬২) নামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে তার পুত্র মেহেদী হাসান (২২)। গতকাল মঙ্গলবার উপজেলার হাজরাকাঠী গ্রামের একটি মত্স্য ঘেরে উক্ত ঘটনা ঘটে। তাদের বাড়ি হাজরাকাঠী গ্রামে। নিহতের স্বজনরা জানান, পিতা-পুত্র মিলে মত্স্য ঘেরে যায়। হঠাত্ বজ্রপাত হলে ঘটনাস্থলে আফছার আলী মারা যায়। এদিকে গুরুতর আহত মেহেদী হাসানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনও আশংকাজনক। তালা থানার ওসি মোঃ বকর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নান্দাইলে বজ্রপাতে পিতা
নিহত, পুত্র আহত
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুতারাটিয়া গ্রামে বজ্রপাতে পিতা আবুল হাসেম নিহত ও পুত্র সোহেল মিয়া গুরুতর আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার মুষলধারে বৃষ্টির সময় বাড়ির সামনে বাঁধা ষাঁড় গরুটি বাবা ছেলে মিলে গোয়াল ঘরে নেয়ার সময় হঠাত্ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে গরুটি ঘটনাস্থলে মারা গেলেও গুরুতর আহত পিতা পুত্রকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক পিতা আবুল হাসেমকে ( ৫০) মৃত ঘোষণা করে। আশংকাজনক অবস্থায় পুত্র সোহেল মিয়াকে (১৫) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।