সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২২:৪৭
সুনামগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুপ্রিম কোর্টে আইনজীবী ফোরামের সমাবেশ করতে না দেয়ায় এবং আইনজীবী ফেরামের নেতৃবৃন্দদের আটকের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় আইনজীবী সমিতি ভবনের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরামের নেতা অ্যাড. ফারুক আহমদ.অ্যাড. আব্দুল হক. অ্যাড. মাসুক আলম প্রমুখ।
হবিগঞ্জে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা
হবিগঞ্জ প্রতিনিধি\ নারীর ক্ষমতায়নের জন্য প্রিপ ট্রাস্টের অপরাজিতা প্রকল্পের নারীরা সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে। গতকাল মঙ্গলবার এই অনুষ্ঠানের আয়োজন করে প্রিপ ট্রাস্ট। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরাকে। অনুষ্ঠানে বক্তৃতা করেন, প্রিপ ট্রাস্টের প্রোগ্রাম অফিসার ইখতেয়ার হোসেন মৃধা, সাইদুর চৌধুরী ও কামরুল হোসেন।
মনোহরদীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা \ মাদক, জুয়া ও ইভটিজিং এবং অপরাধ দমনে গতকাল মঙ্গলবার মনোহরদী থানার উদ্যোগে থানা চত্বরে ওপেন হাউস ডে অনুুষ্ঠিত হয়। এ উপলক্ষে সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলমগীর কবির-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলার নবাগত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার এ একে এম জহিরুল হক। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন চেয়ারম্যান আনিসুজ্জামান শাহিন, মেহেদী হাসান রহিম, মাহবুবুর রহমান জামিল, শফিকুল ইসলাম রতন, মোয়াজ্জেম হোসেন বুলবুল, এহছানুল হক শরিফ, আ: কাদির, পৌরসভার প্যানেল মেয়র বেলায়েত হোসেন বাদল প্রেসক্লাব সভাপতি নাজমুল সাখাওয়াত হোসেন প্রমুখ
নওগাঁয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
নওগাঁ প্রতিনিধি \ সুপ্রিম কোর্ট চত্বরে আইনজীবীদের সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে এবং সারা দেশে সকল গুম, খুন, অপহরণ বন্ধ ও বিচারের দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গতকাল মঙ্গলবার। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অ্যাড. মকছেদ আলী, অ্যাড. জাকারিয়া হোসেন, অ্যাড. মুনছুর আলী, উকিল বারের সাধারণ সম্পাদক অ্যাড আব্দুর রাজ্জাক, অ্যাড. রেজাউল করিম, অ্যাড. ইকবাল জামিল চৌধুরী, অ্যাড. মিনহাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ঝালকাঠিতে গোপন বৈঠক থেকে ৫ শিবিরকর্মী আটক
ঝালকাঠি প্রতিনিধি \ ঝালকাঠিতে গোপন বৈঠককালে ৫ শিবিরকর্মীকে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরতলীর বাসন্ডা গ্রামের মাওলানা জাকির হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশের অভিযানকালে বাড়ির মালিক মাও. জাকির হোসেন পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। আটককৃতরা হলো মোঃ এমদাদ হোসেন, এনামুল হক, হাবিবুর রহমান, নিজামউদ্দিন এবং মোঃ তাওহিদ। আটককৃতদের মধ্যে ৪ জন স্থানীয় নেছারাবাদ মাদ্রাসার এবং অপরজন শহরের ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র এবং শিবিরের সক্রিয় কর্মী বলে জানায় পুলিশ। আটককালে এদের কাছ থেকে সংগঠনের কিছু বই উদ্ধার করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকায় আইনজীবীদের সমাবেশ করতে না দেয়া ও দেশব্যাপী গুম, খুন অপহরণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ২ ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে। সকালে মানববন্ধনে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাড. হারুন আল রশিদ। এতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তারিকুল ইসলাম খান রুমা, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. গোলাম সারোয়ার খোকন প্রমুখ।
বরগুনায় নারী স্বাস্থ্য সেবা বিষয়ক আলোচনা সভা
বরগুনা প্রতিনিধি (দক্ষিণ) \ নিরবচ্ছিন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা ও নারীর অধিকার শীর্ষক আলোচনা সভা গতকাল মঙ্গলবার বরগুনা জেলা প্রশাসকের রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। নারীপক্ষের সহযোগিতায় নারী স্বাস্থ্য অধিকার আন্দোলন জোট ও উন্নয়ন সংগঠন জাগো নারীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন (মন্টু)। জাগো নারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আ. আলীম হিমু, মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, সাংবাদিক মোঃ হাসানুর রহমান ঝন্টু, উন্নয়ন সংগঠক শামসুদ্দিন (শানু), মিসেস মমতাজ বেগম, নাজনীন নেছা, শারমিন আক্তার প্রমুখ।
মঠবাড়িয়া থানায় বিদায়ী ওসির সংবর্ধনা
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের মঠবাড়িয়ার বিদায়ী ওসি শেখ মোহাম্মদ আবু জাহিদকে গত সোমবার রাতে মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদায়ী অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আবু জাহিদ, সদ্য যোগদানকারী ওসি নাসির মল্লিক, প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ,এম আকরামুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান, যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, সাংবাদিক নিজামুল কবির মিরাজ ও হারুন আর রশিদ প্রমুখ।
রাজৈরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ রাজৈর থানার উদ্যোগে গতকাল মঙ্গলবার থানা চত্বরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। ওসি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, প্রধান অতিথি পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, এএসপি মোঃ মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, উপাধ্যক্ষ আবুল হাসিম সিপাহী, মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, ইউপি চেয়ারম্যান সিরাজুল হক মোল্লা, যুবলীগ সভাপতি নুরুল হক খান, স্বেচ্ছা সেবক লীগ সভাপতি বাবুল প্রমুখ।
ধামইরহাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাট উপজেলার স্কুল ও মাদ্রাসার ১শ’ ৩ জন শিক্ষার্থীকে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সংবর্ধনা দেয়া হয়েছে। তারা এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছে। মাধ্যমিকে ৮৮ জন ও দাখিল পরীক্ষায় ১৫ জন জিপিএ-৫ পেয়েছে। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন। আয়োজক এডিপি ভারপ্রাপ্ত ম্যানেজার ও প্রোগ্রাম অফিসার তন্ময় সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, অধ্যক্ষ শহীদুল ইসলাম, নাদিরুজ্জামান উপজেলা শিক্ষা অফিসার, এসএম খেলাল-ই-রব্বানী সভাপতি স্কুল শিক্ষক সমিতি প্রমুখ।
শিবালয়ের বাড়াদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী বাড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক দিবস পালন করা হয়। গতকাল মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এএম নাঈমূর রহমান দুর্জয় এমপি। প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসএমসি সভাপতি সাধন চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, প্রধান শিক্ষক শাহ মোঃ রফিকুল ইসলাম, আ’ লীগ সভাপতি বিকাশ চন্দ্র সাহা, উথলী ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আড়াইহাজারে কমিউনিটি স্কুল ভবনের উদ্বোধন
গোপালদি বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারের সাদারদিয়া কমিউনিটি স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি থেকে এই ভবনের উদ্বোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজালাল মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আবু তালেব মোল্লা, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা রায়হান, মনির হোসেনসহ এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিরসরাইয়ে খান ফাউন্ডেশনের কর্মশালা
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা \ মিরসরাইয়ে খান ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবক প্রতিনিধিদের কার্যক্রমের সমন্বিত উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ সভায় নারী ফোরামের সভাপতি শিরীনা আক্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খান ফাউন্ডেশন কর্মকর্তা সালমান ইবনে হুদা, ইসমত আরা ইয়াসমিন, হারুনার রশীদ, হারুন উর রশীদ, নারী ফোরামের সভাপতি শিরীনা আক্তার, ইউপি সদস্য মধুমিতা বৈদ্য, আবদুল গফুর প্রমুখ।
নোয়াখালীতে আইনজীবী ফোরামের মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি \ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের নির্যাতন ও দেশব্যাপী অপহরণ, গুম এবং হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ মানববন্ধন চলাকালে আবদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিইউএম কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাজী কবির আহাম্মেদ, তাজুল ইসলাম ও শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
পাথরঘাটায় আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস শীর্ষক সভা
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা \ আজ ২৮ মে ‘আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস’ উপলক্ষে গতকাল মঙ্গলবার বরগুনার পাথরঘাটায় নারীপক্ষের সহযোগিতায় ও সংকল্প ট্রাস্টের বাস্তবায়নে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নারীপক্ষের পাথরঘাটা উপজেলা অ্যাডভোকেসি অর্গানাইজার নাইমা জান্নাত মুন্নি। সভাপতিত্ব করেন, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ। বক্তব্য রাখেন-সংকল্প ট্রাস্টের পরিচালক মনিরুজ্জামান, আলমগীর হোসেন, সাংবাদিক ইমাম হোসেন, খলিলুর রহমান, আমিনুল হক প্রমুখ।
হত্যা, গুম, অপহরণের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন
চাঁদপুর প্রতিনিধি \ সারাদেশে হত্যা, সন্ত্রাস, গুম, ধর্ষণ, অপহরণের প্রতিবাদসহ স্বাভাবিক মৃত্যুর দাবিতে চাঁদপুরে সম্মিলিত মানবাধিকার পরিষদ নামের একটি সংগঠন গতকাল মঙ্গলবার সকালে শহরের শপথ চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন- চাঁদপুর সম্মিলিত মানবাধিকার পরিষদের সভাপতি আলহাজ্ব মো. ইউছুফ গাজী, মানবাধিকার কর্মী আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, আইনজীবী রহুল আমিন সরকার, মুনিরা চৌধুরী, চন্দনাথ ঘোষ, ডাঃ শেখ মো. মহসীন ও বিপ্লব সরকার প্রমুখ।
সাতক্ষীরায় পরিবার ছোটকরণে অবহিতকরণ কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় ছোট পরিবার ধারণার উন্মেষ, এএনসি, নিরাপদ মাতৃত্ব, পিএনসি, নবজাতকের যত্ন ও পুষ্টি বিষয়ে সাংবাদিকদের এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. অসিত কুমার স্বর্ণকার। সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশনারা জামানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও পরিকল্পনা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক রবিউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. সালেহ আহমেদ ও পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুদ্দিন মোল্লা প্রমুখ।
সৈয়দপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রামের জয়নুল (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের কিসামত কাদিখোল গ্রামে। জানা যায়, কিসামত কাদিখোল গ্রামের আব্দুল খালেক ও ওয়াহেদ হোসেন একই ইউনিয়নের পোড়ারহাট এলাকায় ২টি পুকুর লীজ নিয়ে মাছ চাষ করছেন। কে বা কারা পুকুরে বিষ দেয়ায় পুকুরের সব মাছ মরে যাওয়ায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সন্দেহে একই গ্রামের মকবুল হোসেনের পুত্র জয়নুলকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে সোপার্দ করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
আটঘরিয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা \ পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় গতকাল মঙ্গলবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লেলির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ: কুদ্দুস মোল্লা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক আ: গফুর মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা খাতুন নিলা, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইসমাইল সরদার, সহকারী প্রধান শিক্ষক মাহফুজউল্লাহ প্রমুখ।
আমতলীতে আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস পালন
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ আমতলীতে নারী পক্ষের সহযোগিতায় এনএসএস গতকাল মঙ্গলবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবসটি পালন করে। দিবসটি পালন উপলক্ষে উপজেলায় একটি র্যালি শেষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইসমত আরা কলির সভাপতিত্বে সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মাকসুদা আকতার জোত্সনা, রেহেনা মাহবুব, অনোয়ার হোসেন আকন ও মাসুদা কাদের প্রমুখ।
কাউখালীতে মহিলা পরিষদের প্রাক-বাজেট আলোচনা
কাউখালী (পিরোজপুর)সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আসন্ন জাতীয় বাজেটে নারী-পুরুষের সমতার লক্ষ্যে প্রাক-বাজেট বিষয়ক আলোচনা সভায় সংগঠনের সহসভাপতি আলো রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়কুল কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রতন কুমার ঘোষ, ডিগ্রি মহিলা কলেজের প্রভাষক জগদীশ চন্দ্র কুন্ডু, প্যানেল আইনজীবী কমল কৃষ্ণ মুখার্জী, আইনজীবী শেখর চন্দ্র দে প্রমুখ।
নবীনগরে ভূমি ও রাজস্ব সেবা বিষয়ক সেমিনার
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জনকল্যাণার্থে ভূমি ও রাজস্ব সেবা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বক্তব্য রাখেন মোঃ নাজিম উদ্দিন ধন মিয়া, সাইফুল ইসলাম পল্টু, আবদুল হালিম, জাহাঙ্গীর আলম খান, হেলাল উদ্দিন, ফতেমা বেগম, কামরুল ইসলাম, মোঃ সৌকত আলী, আনিছুর রাহমান দানেশ, ডাঃ শাহজাহান সিদ্দিক, কাজী ইব্রাহিম প্রমুখ ।
চুয়াডাঙ্গায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের সাংবাদিকবৃন্দ মানববন্ধন করেছে। চুয়াডাঙ্গার দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাংবাদিক সদরুল নিপুল হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে চুয়াডাঙ্গাসহ আশেপাশের জেলার মত মেহেরপুরের সাংবাদিকদের মাঝেও প্রতিবাদের ঝড় বইছে ।
গতকাল মঙ্গলবার প্রেসক্লাবের সামনে এ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দ্রুত খুনিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মানববন্ধনে অংশ গ্রহণকারী সাংবাদিকবৃন্দ।
মাদারীপুরে ব্র্যাকের নিরাপদ অভিবাসন কর্মশালা
মাদারীপুর প্রতিনিধি \ ব্র্যাকের আয়োজনে গতকাল মঙ্গলবার ‘কর্মজীবীদের নিরাপদ অভিবাসন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেদ হোসেন। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, সহকারী পুলিশ সুপার উত্তম কুমার পাল, ব্র্যাকের মাঠ সমন্বকারী সাজ্জাত হোসেন, বরিশালের মাঠ সমন্বয়কারী জাকির হোসেন, ব্র্যাক জেলা প্রতিনিধি ফজলুল হক প্রমুখ।
সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান জেল হাজতে
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ ধর্ষণ মামলায় জামিন নিতে গিয়ে গতকাল মঙ্গলবার আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১নং কামারপুকুর ইউপি চেয়ারম্যান জিকো আহমেদকে নীলফামারী জেল হাজতে পাঠিয়েছেন। এ খবর ইউনিয়নে পৌঁছলে মিষ্টি বিতরণ করা হয়। জানা যায়, উপজেলার কামারপুকুর কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা জেসমিন আক্তার মুক্তা (২৪) ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন বিশেষ জজ আদালতে একটি মামলা করেন। এই মামলায় জামিন নিতে গেলে আদালতের বিচারক হাসানুজ্জামান তার জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
নাসিরনগরে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মত দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ২০১৪ উদ্বোধনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গনেশ চন্দ্র মণ্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুঁইয়া, ওসি আবদুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, ভেটেনারী সার্জন ডাঃ আবদুল্লাহ আল মারুফ, কৃষি সস্প্রসারণ কর্মকর্তা মাসুদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রুপক মিয়া, সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে ৫ জনকে সাজা প্রদান
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া মধুপুর এলাকার একটি মামলায় ৫ জনকে সাজা প্রদান করেছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল মঙ্গলবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আদালত হাকিম জুলফিকার আলী খান এ মামলায় রায় প্রদান করেন। আসামি হলেন: নজির উদ্দিন মংলুর ছেলে রহিদুল ইসলাম (৩৫), মুজাহারুল মুজা (৩৮), রফিজুল ইসলাম (৪২), নজরুল ইসলাম (৩০) ও বেলাল হোসেন (২২),পিতা: রফিজুল ইসলাম।
মান্দায় তিন ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা
মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁ মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউপির, ৫নং গনেশপুর ইউপি’র, ৬নং মৈনম ইউপিতে গতকাল মঙ্গলবার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। ৯নং তেঁতুলিয়া ইউপি’র চেয়ারম্যান এ, কে,এম মোঃ নাজমুল হক (নাজুর) সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আক্তার জাহান। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন প্রামাণিক, অ্যাডভোকেট আব্দুল করিম সোনার, সাবাইহাট বণিক সমিতির সভাপতি আবু হেনা, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।
হবিগঞ্জ পৌরসভার ৭৪ কোটি ৭০ লাখ টাকার বাজেট ঘোষণা
হবিগঞ্জ প্রতিনিধি\ হবিগঞ্জ পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ৭৪ কোটি ৭০ লাখ ৬৫ হাজার ৭শ’ ৮৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। গতকাল মঙ্গলবার পৌরসভা কার্যালয় হলরুমে সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৭৪ কোটি ৭০ লাখ ৬৫ হাজার ৭শ’ ৮৫ টাকা। নিজস্ব খাতে আয় ২৬ কোটি ৫৭ লাখ ৫ হাজার ১শ’ ৮১ টাকা এবং উন্নয়ন খাতে আয় ৪৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৬শ’ ৪টাকা। সর্বমোট ব্যয় দেখানো হয়েছে ৭৩ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ৪শ’ ১৯ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৯৫ লাখ ৫ হাজার ৩শ’ ৬৬ টাকা।