আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বারবার রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তনের কারণে বিএনপির প্রতি জনগণের কোনো আস্থা নেই। যে দল নিজেরাই নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের প্রতি জনগণের আস্থা থাকে কিভাবে? বিএনপি জনগণের ভোট নিয়ে সংসদে যোগ দেয়া নিয়ে নানা টালবাহানা করে অবশেষে সংসদে যোগ দিলেও দলের মহাসচিব কেন সংসদে এলেন না এই প্রশ্নের জবাব জনগণ চায়। গতকাল রবিবার দুপুরে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাচগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আবার তারা ছেড়ে দেয়া আসনে উপ-নির্বাচনে প্রার্থী দিয়ে প্রমাণ করেছে তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে। যারা নিজেরা রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তন করে, সেই নেতৃত্বের প্রতি জনগণের কোনো আস্থা থাকে না। জনগণ ভোট দেয় না।
সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী নিজামউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। এর আগে মোহাম্মদ নাসিম কাজিপুরে শহীদ এম মনসুর আলী ইন্সটিটিউট অব হেলথ টেকনোলোজি (আইএইচটি) ও নির্মাণাধীন ম্যাটস পরিদর্শন করেন এবং কার্যক্রমের খোঁজ-খবর নেন।